উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। ভোরের কুয়াশা, হিমেল বাতাস ও বাতাসে আর্দ্রতার কারণে বাড়ছে শীতের অনুভূতি। দিনের বেলায় রোদের তেজ থাকলেও সন্ধ্যা নামার পর তাপমাত্রা কমে ঠান্ডা অনুভূত হচ্ছে।
আজ রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।
এর আগের দিন শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সকাল গড়িয়ে সূর্যের দেখা মিললে তাপমাত্রা কিছুটা বাড়ছে। তবে ভোর ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি থাকছে। বিশেষ করে ভোরের হিমেল বাতাস উপেক্ষা করেই শ্রমজীবী মানুষকে কাজে বের হতে হচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনের বেলায় রোদের তাপ থাকলেও সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। এ সময়ে রাত ও ভোরে শীতের অনুভূতি বেশি থাকে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমার পাশাপাশি শীতের অনুভূতিও বাড়তে পারে।
জ/দি