৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-11-06T15:15:43+06:00
2026-11-06T15:15:43+06:00
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
Advertisement
শিক্ষা
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:১৫ পিএম | ৬ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব কেন্দ্রে চীনা, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, ফরাসি, ইতালীয় ও স্প্যানিশসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। উচ্চশিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক যোগাযোগ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস (বিআইএল) আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘এপিস্টেমিক রিকনফিগারেশনস ইন ল্যাঙ্গুয়েজ স্টাডিজ (ইআরএলএস) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দক্ষ ও আত্মবিশ্বাসী তরুণ প্রজন্ম গড়ে তুলতে বিদেশি ভাষা শিক্ষাকে জাতীয় দক্ষতা উন্নয়ন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে। মাতৃভাষা বাংলা ও নিজস্ব সংস্কৃতির ভিত্তি অক্ষুণ্ণ রেখেই শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ করে তুলতে বিদেশি ভাষা শিক্ষার সুযোগ বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, মাতৃভাষা ও বিদেশি ভাষার মধ্যে একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই। বরং বাংলা ভাষা ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতি শ্রদ্ধা বজায় রেখে বৈশ্বিক যোগাযোগের উপযোগী দক্ষতা অর্জন করতে হবে।

ইউজিসি চেয়ারম্যান জানান, বিদেশে কর্মসংস্থানের চাহিদা বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বর্তমানে জাপানি, কোরীয়, চীনা, ইংরেজি ও আরবি ভাষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালু হলে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক যোগাযোগ ও বৈশ্বিক শ্রমবাজারে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সৈয়দা সারওয়াত আবেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আরশাদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের পরিচালক ও সম্মেলনের সম-আহ্বায়ক অধ্যাপক শায়লা সুলতানা।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত