শেরপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০) ও আইজউদ্দিন (৭০) গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও আহতদের স্বজনদের সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের একটি দল সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং আশপাশের এলাকায় ঘুরে নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের জরুরি ভিত্তিতে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। অন্য আহতরাও হাসপাতালে এলে তাদের প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা দেওয়া হবে।
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ জানান, আহত রোগীদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত টিকার সরবরাহ রয়েছে। তাই কুকুর কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।
জ/দি