রাজধানীর মিরপুরে টানা তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
এ পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন, বিশেষ মহল ও একটি রাজনৈতিক দল আন্দোলনের আড়ালে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের অনেকেই রাজনৈতিক দলের পদধারী নেতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
শফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক ইস্যু তৈরি করবে, তা হবে না। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডিসেম্বরে আপাকে (শেখ হাসিনা) নিয়ে আসার চেষ্টা করবে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে-তাদের আইনের আওতায় আনা হবে। কোনো ধরনের অরাজকতা করতে আমরা দেব না।’
এদিকে, মঙ্গলবার সকালে মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানিয়েছে, আন্দোলনস্থলে প্রায় ৭ থেকে ৮ হাজার শ্রমিক অবস্থান করছেন। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ অভিযান শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
জ/দি