যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাব, ৮ মাসে তেলের দাম বেড়েছে ৫৪%

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-02T11:44:39+06:00
2026-11-02T12:12:54+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাব, ৮ মাসে তেলের দাম বেড়েছে ৫৪%
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১১:৪৪ এএম | ২ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব এখনো কাটেনি বিশ্ব জ্বালানি বাজারে। সংঘাত শুরুর আট মাস পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি তেলের সরবরাহ ও আন্তর্জাতিক বাজারদর। অপরিশোধিত তেলের পাশাপাশি ডিজেল, পেট্রোল ও উড়োজাহাজের জ্বালানির বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে ডিজেলের সরবরাহ সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতি, পরিবহন ব্যয় এবং মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে।

যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭২ থেকে ৭৩ ডলারের মধ্যে। ২০২৬ সালের ২ নভেম্বর সেই দাম বেড়ে প্রায় ১১২ ডলারে পৌঁছেছে। অর্থাৎ যুদ্ধ শুরুর আগের তুলনায় অপরিশোধিত এই জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৫৪ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্সের ২৭ ফেব্রুয়ারি ২০২৬ সালের এক প্রতিবেদন অনুযায়ী, ইরানকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা এবং তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কায় ওই দিন ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ২ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছিল। একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ছিল ৬৭ দশমিক ০২ ডলার।

অন্যদিকে, ২ নভেম্বরের বাজার পরিস্থিতি নিয়ে রয়টার্সের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১১ দশমিক ৮৪ ডলারে নেমে আসে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ছিল ১০২ দশমিক ৫৬ ডলার। সে হিসাবে যুদ্ধ শুরুর আগের শেষ কার্যদিবসের তুলনায় ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৩৯ দশমিক ৩৬ ডলার বা প্রায় ৫৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ডব্লিউটিআইয়ের দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

জ্বালানি বাজারের সংকট শুধু অপরিশোধিত তেলের মধ্যেই সীমাবদ্ধ নেই। শোধনাগারে অপরিশোধিত তেল পরিশোধনের মাধ্যমে উৎপাদিত ডিজেল, পেট্রোল ও জেট ফুয়েলের বাজারেও সরবরাহ ঘাটতি এবং মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে এসব জ্বালানির দাম অপরিশোধিত তেলের তুলনায় দ্রুত বেড়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) ১৪ অক্টোবর প্রকাশিত অক্টোবর মাসের ‘অয়েল মার্কেট রিপোর্ট’ অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সিঙ্গাপুরের পাইকারি বাজারে ডিজেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার ছাড়িয়ে যায়। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে এই দাম সর্বোচ্চ প্রায় ২২০ ডলারে পৌঁছেছিল। রেকর্ড উচ্চতা থেকে পরে দাম কিছুটা কমলেও আন্তর্জাতিক বাজারে ডিজেলের বেঞ্চমার্ক মূল্য এখনো অপরিশোধিত তেলের দামের প্রায় দ্বিগুণ। যুদ্ধ শুরুর আগের তুলনায়ও দাম অনেক বেশি রয়েছে।

পরিশোধিত জ্বালানির সাম্প্রতিক বাজারদরেও সংকটের চিত্র ফুটে উঠেছে। ৩০ অক্টোবর সিঙ্গাপুরের বাজারমূল্যায়ন অনুযায়ী, ১০ পিপিএম গ্যাসঅয়েল বা ডিজেলের দাম ছিল ব্যারেলপ্রতি ১৭০ দশমিক ০২ ডলার। একই দিনে গ্যাসোলিনের দাম ছিল ১২৭ দশমিক ৬৪ ডলার এবং জেট কেরোসিনের দাম ১৬৮ দশমিক ৪২ ডলার।

তবে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানির দামের সরাসরি তুলনা করা যায় না। কারণ অপরিশোধিত তেল শোধন করেই ডিজেল, গ্যাসোলিন ও জেট ফুয়েল তৈরি করা হয়। শোধনাগারের সক্ষমতা, কাঁচামালের সরবরাহ, পরিবহন ব্যয় এবং পরিশোধন মুনাফার ওপর নির্ভর করে এসব জ্বালানির চূড়ান্ত দাম নির্ধারিত হয়। এ কারণে অপরিশোধিত তেলের দাম কমলেও পরিশোধিত জ্বালানির বাজারে সেই প্রভাব পড়তে কিছুটা সময় লাগতে পারে।

বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার অন্যতম বড় কারণ হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহনে বিঘ্ন। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে যুদ্ধের আগে সমুদ্রপথে বিশ্বে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ চলাচল করত। ফলে এ পথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।

আইইএর জুলাই মাসের এক বিশ্লেষণে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে সরবরাহে বিঘ্ন এবং আঞ্চলিক জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে বিশ্ববাজারে নজিরবিহীন সরবরাহ সংকট তৈরি হয়। একপর্যায়ে বাস্তব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৫০ ডলারের কাছাকাছি পৌঁছেছিল।

সংস্থাটি আরও জানিয়েছে, অপরিশোধিত তেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও পরিশোধিত জ্বালানির রপ্তানি পুনরুদ্ধারের গতি অনেক ধীর। সেপ্টেম্বর মাসে মধ্যপ্রাচ্য থেকে পরিশোধিত জ্বালানি ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানি যুদ্ধপূর্ব সময়ের অর্ধেকেরও নিচে নেমে আসে। একই সময়ে বিশ্ববাজারে ডিজেল ও গ্যাসঅয়েলের সরবরাহও চাপে ছিল।

যুদ্ধের অবসান নিয়ে কূটনৈতিক তৎপরতার খবরের মধ্যে ২ নভেম্বর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও কাতারের কর্মকর্তাদের মধ্যে টানা তৃতীয় দিনের আলোচনার খবর বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে এই দরপতনকে জ্বালানি বাজার স্থায়ীভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার লক্ষণ হিসেবে দেখার সুযোগ নেই।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা এবং তেল রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা এখনো বাজারে ঝুঁকি তৈরি করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে বলেও উদ্বেগ রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) অক্টোবরের পূর্বাভাসে বলা হয়েছে, সরবরাহ সংকট ও বৈশ্বিক জ্বালানি মজুত কমে যাওয়ার কারণে ২০২৭ সালেও ডিজেলের বাজারে চাপ অব্যাহত থাকতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বে তেলের চাহিদাও আগের বছরের তুলনায় কমতে পারে।

সব মিলিয়ে, যুদ্ধ শুরুর আগে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম যেখানে প্রায় ৭২ ডলার ছিল, সেখানে এখন তা ১১২ ডলারের কাছাকাছি। অপরিশোধিত তেলের পাশাপাশি ডিজেলের মতো পরিশোধিত জ্বালানির বাজারে সংকট আরও প্রকট হয়ে উঠেছে। যুদ্ধের অবসান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ পুনরুদ্ধারের ওপরই নির্ভর করছে বিশ্ব জ্বালানি বাজারের ভবিষ্যৎ পরিস্থিতি। তথ্যসূত্র: রয়টার্স, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত