চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম ফেবারিট বার্সেলোনা বলে মনে করেন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। কাতালান ক্লাবটির আক্রমণভাগের শক্তির প্রশংসা করার পাশাপাশি তরুণ তারকা লামিন ইয়ামালকে ভবিষ্যতের বিশ্বসেরা ফুটবলার হিসেবেও অভিহিত করেছেন তিনি।
আজ মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার মাঠে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমেরি বলেন, ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় বার্সেলোনা সব সময়ই শিরোপার অন্যতম দাবিদার। নিজেদের সেরা ছন্দে থাকলে যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রয়েছে দলটির।
এমেরি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য পাঁচটি দল বেছে নিতে হলে বার্সেলোনা অবশ্যই সেই তালিকায় থাকবে। অতীতেও তারা ফেবারিট ছিল, এখনো আছে। নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো দলকে হারাতে পারে তারা।’
বার্সেলোনার আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনিয়া ও লামিন ইয়ামালেরও প্রশংসা করেন ভিলা কোচ। বিশেষ করে ইয়ামালের প্রতিভায় মুগ্ধ এমেরি। তার মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা খেলোয়াড়দের একজন স্পেনের এই তরুণ তারকা।
বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের কাজেরও প্রশংসা করেছেন এমেরি। তার মতে, ফ্লিকের অধীনে দলটির খেলার ধরনে আক্রমণাত্মক ফুটবলের স্পষ্ট ছাপ রয়েছে। পাশাপাশি দর্শকদের উপভোগ করার মতো ফুটবল খেলছে কাতালান ক্লাবটি।
তবে বার্সেলোনার শক্তিমত্তার প্রশংসা করলেও তাদের মাঠে অ্যাস্টন ভিলার সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এমেরির বক্তব্যে সেটিও স্পষ্ট হয়ে উঠেছে।
জ/দি