গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে পাঁচটি যানবাহনের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখ ওরফে আমিনুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টোপথে মোড় নিতে গিয়ে দুর্ঘটনার সূত্রপাত করে। বাসটি প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। পরে কাভার্ড ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাস, আরেকটি লোকাল বাস এবং একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে একসঙ্গে পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে যানবাহনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ভ্যানচালক শহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ, কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
জ/দি