গোপালগঞ্জের কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকাসহ নাইমুর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্প। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তবে তার সঙ্গে থাকা আরও এক ব্যক্তি পালিয়ে গেছেন।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির টাকা ও মোটরসাইকেলসহ নাইমুর রহমানকে আটক করা হয়। তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় আটক নাইমুর রহমান ও পলাতক ওই ব্যক্তির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জ/দি