রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যাবিশিষ্ট করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।
পরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও বিস্তারিত জানতে চান।
এ সময় সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে উপস্থিত থাকার বিষয়ে কঠোর নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি উপজেলা হাসপাতাল ১৫১ শয্যাবিশিষ্ট করার পরিকল্পনা রয়েছে।
জ/দি