ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-03T19:22:05+06:00
2026-11-03T19:22:05+06:00
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:২২ পিএম | ৩ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ধর্মের অপব্যবহার এবং ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও কল্যাণের ধর্ম। সঠিকভাবে ইসলামের প্রচার ও চর্চা হলে তা সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। পীর-মাশায়েখ ও আলেমরা দীর্ঘদিন ধরে ইসলামের প্রসার এবং মানুষের নৈতিক ও ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। রাষ্ট্রপতি অন্যায়, বিভাজন ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা সঠিক ইসলাম প্রচার করে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। যারা ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লোটে, তাদের থেকে দূরে থেকেছেন এবং এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। দেশের মাদরাসা শিক্ষা, ধর্মীয় মূল্যবোধের প্রসার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আলেমগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

তিনি আরও বলেন, বর্তমান সময়ে পারস্পরিক ঐক্য ও সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করা গেলে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে। দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

প্রতিনিধিদলের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবির বিষয়ে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। পাশাপাশি বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে অনুষ্ঠেয় সম্মেলনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবি রূহুল আমীন খান, মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, উপদেষ্টা মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী এবং সহ-সভাপতি আলহাজ মাওলানা সৈয়দ আবু নোমান মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত