পোশাকশ্রমিকদের বিক্ষোভে আবারও অবরুদ্ধ হয়ে পড়েছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। একই সঙ্গে তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেলে দুই সড়কে অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়ক দুটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা শিবু মার্কেট এলাকায় জড়ো হন। পরে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক জড়ো হন। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে মঙ্গলবার সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সাভার-আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, তাঁর আওতাধীন আট শতাধিক কারখানার মধ্যে শতাধিক কারখানা বন্ধ রয়েছে। নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকার কয়েকটি কারখানা ছাড়া সাভারের অন্যান্য এলাকার অধিকাংশ কারখানায় কাজ চলছে। তবে কিছু কারখানায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রয়েছে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগের দিন সোমবারও পোশাকশ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিলেন।
জ/উ