কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারকে নিয়ে নির্মিতব্য ঢাকাই সিনেমা ‘গুলশানের চামেলি’ থেকে তাঁর সরে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সম্প্রতি। তবে সেই খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক মোহাম্মাদ ইকবাল।
তিনি জানিয়েছেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ফ্লোরে মধুমিতাকে নিয়েই শুরু হবে সিনেমাটির শুটিং।
এ বিষয়ে পরিচালক মোহাম্মাদ ইকবাল বলেন, ‘এসব কথা কে বলেছে, আমি জানি না। ডিসেম্বর থেকে আমাদের শুটিং শুরু হবে। আগামী ১ ডিসেম্বর এফডিসির ফ্লোরে মধুমিতাকে নিয়েই ক্যামেরা ওপেন করব।’
নায়িকার সিনেমা ছেড়ে দেওয়ার গুঞ্জন নিয়ে খুব একটা চিন্তিত নন নির্মাতা। বরং এ ধরনের আলোচনা সিনেমাটির প্রচারে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। ইকবালের ভাষায়, ‘এই যে কথাগুলো ছড়িয়েছে, এতে আমারই ভালো হয়েছে। সিনেমাটি প্রচার পেয়েছে।’
অন্যদিকে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মধুমিতা সরকারও সিনেমা ছাড়ার খবর নাকচ করেছেন। তাঁর ধারণা, একটি চক্র পরিকল্পিতভাবে তাঁকে সিনেমা থেকে সরে দাঁড়ানোর খবর ছড়াচ্ছে।
পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান। এর আগে বাংলাদেশের নাটকেও অভিনয় করেছেন তিনি। ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে।
‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
প্রায় পাঁচ বছর আগে সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক মোহাম্মাদ ইকবাল। তবে নানা জটিলতায় এত দিন শুটিং শুরু করা সম্ভব হয়নি। এবার আগামী ১ ডিসেম্বর থেকে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা।
আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিতব্য সিনেমাটিতে মধুমিতা ছাড়াও অভিনয়ের কথা রয়েছে রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরের।
জ/উ