ক্রিশ্চিয়ানো রোনালদোর জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন দুঃসংবাদ পেয়েছে পর্তুগাল। দলের উইঙ্গার ফ্রান্সিস্কো কনসেইসাওকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। ফলে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে এই তারকাকে পাচ্ছে না পর্তুগিজরা।
গত আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন রোনালদো। তাঁর এমন সিদ্ধান্ত ঘিরে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বিষয়টিকে হঠকারী সিদ্ধান্ত হিসেবে দেখার পাশাপাশি এ ঘটনায় শাস্তিও পেয়েছেন পর্তুগিজ অধিনায়ক।
চলতি মাসের আন্তর্জাতিক বিরতি শুরুর আগেই রোনালদোর সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা। তবে কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্যের গুঞ্জনের কারণে শেষ পর্যন্ত তিনি জাতীয় দলে ডাক পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
এদিকে কনসেইসাওয়ের নিষেধাজ্ঞার ঘটনাটি ঘটেছে নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে। দ্রাগাও স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল পর্তুগাল। তবে ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জুভেন্টাসের এই উইঙ্গারকে।
রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে অল্প সময়ের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেন কনসেইসাও। ৮৬ মিনিটে তাঁকে মাঠ ছাড়তে হয়। এরপর ড্রেসিংরুমে ফেরার পথে চতুর্থ রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি সামাল দিতে জাতীয় দলের টেকনিক্যাল স্টাফদের এগিয়ে আসতে হয়।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’র প্রতিবেদন অনুযায়ী, রেফারির সঙ্গে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে কনসেইসাওকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফার নিয়ন্ত্রণ, নীতি ও শৃঙ্খলা সংস্থা।
এই শাস্তির কারণে আগামী ১৪ নভেম্বর ডেনমার্ক এবং ১৭ নভেম্বর ওয়েলসের বিপক্ষে খেলতে পারবেন না কনসেইসাও। নেশনস লিগের গ্রুপ পর্বে এ দুটি ম্যাচই পর্তুগালের শেষ লড়াই। শুধু তাই নয়, আগামী মার্চে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও দলের বাইরে থাকতে হবে তাঁকে। তবে শাস্তি কমানো বা বাতিলের আশায় পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সামনে আপিল করার সুযোগ রয়েছে।
জ/উ