বলিউডের মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে সবচেয়ে বেশি পুরস্কার জিতে নিয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি বিভাগে পুরস্কার পেয়েছে ছবিটি। অন্যদিকে ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি অর্জন করেছেন আনীত পাড্ডা। আর সেরা অভিনেতার পুরস্কার উঠেছে রণবীর সিংয়ের হাতে।
গতকাল শনিবার আইফার আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমে এবারের বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজ, ডিজিটাল সিনেমা, তথ্যচিত্র ও কারিগরি বিভাগেও পুরস্কার জিতেছেন বিভিন্ন তারকা ও নির্মাতারা।
এবারের আয়োজনে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্রের পুরস্কারের পাশাপাশি ছবিটির নির্মাতা আদিত্য ধর পেয়েছেন সেরা পরিচালকের স্বীকৃতি। একই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন রণবীর সিং। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সঞ্জয় দত্ত। আর নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অক্ষয় খান্না।
শুধু পরিচালনাতেই নয়, মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনার ক্ষেত্রেও পুরস্কার পেয়েছেন আদিত্য ধর। এ ছাড়া সেরা সংগীত পরিচালক হয়েছেন শাশ্বত সচদেব। সিনেমাটির চিত্রগ্রহণের জন্য বিকাশ নওলাখা, সম্পাদনার জন্য শিবকুমার ভি পানিকার এবং শব্দ পরিকল্পনার জন্য বিশ্বদীপ চট্টোপাধ্যায় পুরস্কার পেয়েছেন। সব মিলিয়ে ১২টি বিভাগে আইফার স্বীকৃতি পেয়েছে ‘ধুরন্ধর’।
‘ধুরন্ধর’-এর সাফল্যের পাশাপাশি আলোচনায় ছিল মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। এই সিনেমায় অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আনীত পাড্ডা। ছবিটির মাধ্যমে সেরা নবাগত অভিনেতার স্বীকৃতি পেয়েছেন আহান পান্ডে।
সংগীত বিভাগেও ‘সাইয়ারা’ পেয়েছে একাধিক পুরস্কার। সিনেমাটির গানের জন্য সেরা গীতিকারের পুরস্কার উঠেছে ইরশাদ কামিলের হাতে। সেরা পুরুষ প্লেব্যাক গায়ক নির্বাচিত হয়েছেন ফাহিম আবদুল্লাহ। আর সেরা নারী প্লেব্যাক গায়কের পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল।
এদিকে ‘আজাদ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রাশা থাদানি। ‘জলি এলএলবি ৩’ ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি অর্জন করেছেন হুমা কুরেশি।
চলচ্চিত্রের পাশাপাশি ডিজিটাল বিভাগেও ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আয়োজন। আরিয়ান খানের পরিচালনায় অভিষেক হওয়া সিরিজ ‘দ্য ব্যাজেস অব বলিউড’ জিতেছে চারটি পুরস্কার। সিরিজটির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আরিয়ান খান। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন রাঘব জুয়াল এবং সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অনন্যা সিং। এ ছাড়া সেরা টাইটেল ট্র্যাকের পুরস্কারও পেয়েছে সিরিজটি।
অন্যদিকে ‘পাতাল লোক ২’ সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাওয়াত। একই সিরিজের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিলোত্তমা সোম। পাশাপাশি সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও জিতেছে সিরিজটি।
তথ্যচিত্র বিভাগে সেরা নির্বাচিত হয়েছে ‘দ্য রোশানস’। আর সেরা বাস্তবভিত্তিক অনুষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে ‘দ্য ট্রেইটরস’।
ডিজিটাল চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘বারামুল্লা’। একই সিনেমা পেয়েছে সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও। ‘স্টোলেন’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছেন করণ তেজপাল। ওই ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ‘মিসেস’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন সানিয়া মালহোত্রা।
আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।
কারিগরি বিভাগেও পুরস্কার জিতেছে একাধিক সিনেমা ও সংশ্লিষ্ট শিল্পী। ‘ছাওয়া’ ছবির আবহসংগীতের জন্য স্বীকৃতি পেয়েছেন এ আর রহমান। সেরা সাউন্ড মিক্সিং বিভাগে পুরস্কার অর্জন করেছেন অলোক দে। আর সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার পেয়েছে অ্যাসেমব্লেজ এন্টারটেইনমেন্ট ও রিডিফাইন। সূত্র: এনডিটিভি
জ/উ