এইচএসসির ফলাফলে বিএনপি সরকারকে সাধুবাদ জানালেন সারজিস

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-31T18:07:56+06:00
2026-10-31T18:07:56+06:00
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
এইচএসসির ফলাফলে বিএনপি সরকারকে সাধুবাদ জানালেন সারজিস
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:০৭ পিএম | ৩১ অক্টোবর, ২০২৬ | শনিবার
ছবি- সারজিস আলম
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। কোনো ধরনের রাখঢাক বা লোকদেখানো মানসিকতা ছাড়াই প্রকৃত ফলাফল প্রকাশ করায় বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় একটি পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, গত বছরের তুলনায় এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার আরও কমেছে। জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও গত ১০ বছরের মধ্যে সবচেয়ে কমের তালিকায় রয়েছে। এবার এ সংখ্যা প্রায় ২৪ হাজার। তাঁর মতে, এই ফলাফল শিক্ষার প্রকৃত চিত্র তুলে ধরেছে। কোনো ধরনের কৃত্রিমতা না দেখিয়ে বাস্তব চিত্র প্রকাশ করায় সরকারকে সাধুবাদ জানান তিনি।

সারজিস আলম বলেন, এবার প্রায় তিন লাখ শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়, সে জন্য অল্প কিছুদিনের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগকেও সাধুবাদ জানান তিনি।

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে সারজিস আলম বলেন, এ ধরনের গুঞ্জনকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন না। তবে শেখ হাসিনা সত্যিই দেশে ফেরার চিন্তা করলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্ট রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পতিত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছুদিন নানা ধরনের রাজনৈতিক তৎপরতা দেখা গিয়েছিল। তবে সর্বশেষ নির্বাচনের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থার অবসান হয়েছে। আওয়ামী লীগকে ঘিরে এখন যেসব আলোচনা হচ্ছে, সেগুলো শেষ হতেও হয়তো কিছুটা সময় লাগবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি জোট হয়েছিল। বর্তমানে সংসদে তারা বিরোধী দলীয় জোট হিসেবে একসঙ্গে কাজ করছে। সেই জোট এখনো চলমান রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত, এনসিপি ও অন্যান্য দল নিজ নিজ অবস্থান থেকে এককভাবে নির্বাচন করবে। এটি দলীয় সিদ্ধান্ত।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করা হয়েছে। কোনো ধরনের সমঝোতা বা ছাড় দেওয়ার জন্য তাঁদের প্রার্থী করা হয়নি। তাঁরা শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনি লড়াই চালিয়ে যাবেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত