আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ও ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮। সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে আজ জুমার নামাজের ইমামতি করবেন দুই বিশিষ্ট ইসলামি স্কলার। মসজিদুল হারামে নামাজ পড়াবেন শায়খ সালেহ আল-হুমাইদ এবং মসজিদে নববীতে ইমামতি করবেন শায়খ আলী আল-হুজায়ফি। অন্যান্য সপ্তাহের মতো আজও দুই পবিত্র মসজিদের জুমার খুতবা ও নামাজ সরাসরি সম্প্রচার করা হবে।
মসজিদুল হারামে ইমামতি করবেন শায়খ সালেহ আল-হুমাইদ
মক্কার পবিত্র মসজিদুল হারামে আজ জুমার নামাজের ইমামতি করবেন শায়খ সালেহ ইবনে আবদুল্লাহ আল-হুমাইদ। তিনি সৌদি আরবের প্রখ্যাত ইসলামি পণ্ডিতদের একজন। দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সৌদি বিচার বিভাগসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও যুক্ত ছিলেন তিনি।
শায়খ সালেহ আল-হুমাইদ ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন। মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে স্নাতকোত্তর এবং ১৯৮২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৯৮৩ সালে মাত্র ৩৩ বছর বয়সে পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে নিযুক্ত হন শায়খ সালেহ। এরপর থেকে ধর্মীয় অঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেন তিনি।
কর্মজীবনে সৌদি আরবের শুরা কাউন্সিল ও উচ্চ বিচার বিভাগীয় কমিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সৌদি আরবের সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য এবং রাজকীয় আদালতের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মসজিদে নববীতে ইমামতি করবেন শায়খ আলী আল-হুজায়ফি
অন্যদিকে, মদিনার পবিত্র মসজিদে নববীতে আজ জুমার নামাজের ইমামতি করবেন বিশ্বখ্যাত কোরআনের কারি ও প্রবীণ আলেম শায়খ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফি। হৃদয়স্পর্শী কোরআন তিলাওয়াতের জন্য মুসলিম বিশ্বে বিশেষভাবে পরিচিত তিনি।
শায়খ আলী আল-হুজায়ফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোহাম্মদ আবদুল হুজায়ফি। ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ১৯৭৫ সালে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন তিনি।
কর্মজীবনের শুরুতে ১৯৭৮ সালে মদিনার ঐতিহাসিক মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন শায়খ আলী আল-হুজায়ফি। পরের বছর, ১৯৭৯ সালে, মসজিদে নববীর ইমাম হিসেবে নিযুক্ত হন তিনি।
মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ দুই পবিত্র স্থান। প্রতি সপ্তাহে জুমার নামাজে দেশ-বিদেশের অসংখ্য মুসল্লি এসব মসজিদে সমবেত হন।
বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরাও সরাসরি সম্প্রচার ও বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দুই পবিত্র মসজিদের জুমার খুতবা ও নামাজ উপভোগ করার পাশাপাশি ইমামদের কোরআন তিলাওয়াত শোনার সুযোগ পান।
জ/শা