কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি প্রতিহত করে ধ্বংস করেছে আইআরজিসি। এটি যুক্তরাষ্ট্রের ৫৪তম এমকিউ-৯ ড্রোন, যা ভূপাতিত করার দাবি করেছে ইরানি বাহিনী।
মার্কিন এমকিউ-৯ ড্রোন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এবং ভারী অস্ত্র বহনে সক্ষম। জেনারেল অ্যাটমিকস অ্যারোনটিক্যাল সিস্টেমস নির্মিত এই ড্রোন মূলত নজরদারি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানোর কাজে ব্যবহৃত হয়।
ড্রোনটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি একটানা প্রায় ২৭ ঘণ্টা বা তারও বেশি সময় উড়তে পারে এবং সর্বোচ্চ ৫০ হাজার ফুট উচ্চতায় অভিযান পরিচালনা করতে সক্ষম। এতে হেলফায়ার ক্ষেপণাস্ত্র ও লেজার-নির্দেশিত বোমার মতো অস্ত্র বহন করা যায়। একটি এমকিউ-৯ ড্রোনের আনুমানিক দাম ৩ কোটি থেকে ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিনশ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করে। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। একই সময়ে হরমুজ প্রণালিতে নৌ চলাচল কার্যত বন্ধ করে দেয় ইরান। পরে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটন।
পরবর্তী সময়ে জুনে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে জলপথটির নিরাপত্তা নিয়ে দুই দেশের মতবিরোধের কারণে সমঝোতার বাস্তবায়ন থমকে যায়। সূত্র: আনাদোলু এজেন্সি
জ/উ