ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েলে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ইসরায়েলের নির্বাচনের মাত্র আট দিন আগে এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে ওয়াশিংটন ও তেলআবিবের মধ্যে আলোচনা চলার সময় এ বৈঠক অনুষ্ঠিত হলো।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, দুই দেশের সংশ্লিষ্ট সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সেখানে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও ছিলেন বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে জানা গেছে, দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতে নেতানিয়াহু ও হেগসেথের মধ্যে বৈঠকটি হয়। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাসদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন পিট হেগসেথ। এ বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।
সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৈঠক ও সফরসংক্রান্ত একটি ছবি প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমাদের দেশের সেরারা, এক ঐতিহাসিক মিশনে। ঈশ্বর আপনাদের সহায় হোন।’
ইসরায়েলের নির্বাচনকে সামনে রেখে এ বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে। তবে বৈঠকে ইরানকে ঘিরে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জ/উ