আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে নজিরবিহীন লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের সংসদ সদস্যরা দেশের সম্পদ লুট করে বিদেশে প্রাসাদ গড়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পরও বিদেশে অবস্থান করে তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে শেখ হাসিনা ও তার সংসদ সদস্যরা যে পরিমাণ লুটপাট করেছেন, বিশ্বের কোথাও এমন নজির নেই। পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি।’
তিনি বলেন, দেশে এমন ব্যক্তিও ছিলেন, যিনি কয়েক শ জমি দখল করেছেন। তাঁরা মনে করেছিলেন, কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন। আওয়ামী লীগের শাসনামলে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি দেশে হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে স্পিকার অভিযোগ করেন, তাঁরা ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। কীভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করা যায়, সে বিষয়ে ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ক্ষমতায় আসার মাত্র আট মাসের মধ্যে ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অস্ত্র হাতে দেখা যাওয়ার ঘটনায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগ করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে স্পিকার বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ দুর্গাপূজা উদ্যাপনে হিন্দু সম্প্রদায়ের মানুষকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। অতীতের তুলনায় এবার বেশি পূজামণ্ডপে পূজা উদ্যাপিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমেদ।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
জ/উ