রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ধসে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের আরাজীগঙ্গারামপুর ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা আছাদুল এবং রংপুর মহানগর এলাকার শিহাব উদ্দিন। আহত তিন শ্রমিককে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল সরকার জানান, সকাল থেকে পৌরসভার নির্মাণাধীন ভবনটির বারান্দার ছাদে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ছাদের সাটারিং ভেঙে পড়লে পাঁচজন শ্রমিক নিচে চাপা পড়েন।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে সেখান থেকে আছাদুল ও শিহাবের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অপর তিন শ্রমিককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে। নিহত ও আহত শ্রমিকদের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
জ/উ