চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য শেখ শরীফুল আলম দীর্ঘ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে চিকিৎসার জন্য তাঁকে বের করা হয়।
এর আগে গতকাল সোমবার সকাল পৌনে ৮টার দিকে কয়েকজন ছাত্রদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশের পর থেকে অবরুদ্ধ ছিলেন উপাচার্য শরীফুল আলম। মঙ্গলবার দুপুরের পর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তিনি সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
আজ মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়েট মেডিকেল সেন্টারের চিকিৎসকদের পৃথক দুটি দল উপাচার্যের শারীরিক অবস্থা পরীক্ষা করে। তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে দল দুটি ভিন্ন মতামত দেয়।
উপাচার্যের সঙ্গে আসা কয়েকজন ছাত্রদল নেতাকর্মীও তাঁর কক্ষে আটকা ছিলেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় থাকায় তাঁরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
এদিকে, নতুন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর আগের উপাচার্য আবু সাদাত মো. সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার পর থেকে চুয়েটে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন চলছে। এতে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
জ/উ