১০ জনের বিরুদ্ধে শিগগির ফরমাল চার্জ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-10-04T15:34:10+06:00
2026-10-04T15:34:10+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
আইন-আদালত
১০ জনের বিরুদ্ধে শিগগির ফরমাল চার্জ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৩৪ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন দমনের নামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উপদেষ্টাসহ ১০ জনের বিরুদ্ধে শিগগির আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

আজ রোববার (৪ অক্টোবর) জুলাই-আগস্টের বিচার নিয়ে পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মামলার আসামিরা হলেন-সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলায় পলাতক আসামিদের আগে এবং আটক আসামিদের পরে বিচার করা হচ্ছে-এমন অভিযোগ নাকচ করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আসামি পলাতক না আটক, তা বিচার বা সাজা দেওয়ার ক্ষেত্রে কোনো বিবেচ্য বিষয় নয়। তদন্তে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়। এরপর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনালই আসামির সাজা নির্ধারণ করেন।

তিনি বলেন, ২০২৪ সালের ১৪ অক্টোবর ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আইন সংশোধন করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বিচারপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে। এরই মধ্যে দুটি ট্রাইব্যুনালে সাতটি মামলার রায় হয়েছে এবং আরও বেশ কিছু মামলা বিচারাধীন।

প্রসিকিউশনের এই সদস্য বলেন, তদন্তে যাদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া যায়, তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ দেওয়া হয়। এরপর অভিযোগ প্রমাণে সাক্ষীর সাক্ষ্য, নথিপত্র ও ডিজিটাল তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। সবশেষে অপরাধের মাত্রা ও প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল সাজা নির্ধারণ করেন।

বর্তমান ট্রাইব্যুনালে কোনো আসামিকে ঢালাওভাবে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, কারও তিন বছর, কারও সাত বছর, কারও ১০ বছর, কারও যাবজ্জীবন আবার কারও মৃত্যুদণ্ড হচ্ছে। অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেওয়ার বিষয়টি এতে প্রতিফলিত হচ্ছে বলে মনে করেন তারা।

প্রসিকিউশনের দাবি, আগের ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় ৯৯ শতাংশের বেশি আসামি দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং মৃত্যুদণ্ডের হারও ছিল প্রায় ৯০ শতাংশ। বর্তমান প্রক্রিয়ায় অপরাধের ধরন ও প্রমাণের ভিত্তিতে ভিন্ন ভিন্ন সাজা দেওয়া হচ্ছে।

আটক আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এখনো ফরমাল চার্জ দেওয়া হয়নি কেন-এমন প্রশ্নের জবাবে প্রসিকিউশন জানায়, তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে হাতে এসেছে এবং ফরমাল চার্জও প্রায় প্রস্তুত।

প্রসিকিউটর তামিম বলেন, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মনি, ফারুক খান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ আটক কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। চিফ প্রসিকিউটরের অনুমোদন সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে শিগগির ফরমাল চার্জ দাখিল করা হবে।

সাংবাদিকদের আসামি করার বিষয়ে তিনি বলেন, তাদের পেশা বিবেচনায় নিয়ে আসামি করা হয়নি। তদন্তে নির্দিষ্ট অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার কারণেই তাঁদের আসামি করা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় কিছু সাংবাদিক তৎকালীন সরকারের পক্ষে অবস্থান নিয়ে বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য প্রচার করেছেন-এমন তথ্য-প্রমাণ তদন্তে পাওয়া গেছে। তবে সব সাংবাদিককে আসামি করা হয়নি; যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদেরই বিচারের আওতায় আনা হয়েছে বলে দাবি করা হয়।

প্রসিকিউশন আরও জানিয়েছে, আসামিরা আদালতে আইনজীবী নিয়োগের সুযোগ পাবেন। অভিযোগ প্রমাণিত হলে সাজা হবে, আর প্রমাণিত না হলে খালাস পাওয়ার সুযোগ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনকালে হামলার মামলায় সাবেক উপাচার্য মাকসুদ কামালকে গ্রেপ্তার না করার পেছনে কোনো চাপ রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে প্রসিকিউশন জানায়, ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হয়েছে।

প্রসিকিউশনের বক্তব্য, তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ফরমাল চার্জ দাখিল ও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা তাদের দায়িত্ব। ট্রাইব্যুনাল পরোয়ানা জারি করার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে হাজির করার দায়িত্ব সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার।

আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তে সময় লাগবে বলেও জানান প্রসিকিউটর তামিম। তিনি বলেন, এ মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং তিনি সারা দেশ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করছেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শেষ করতে দীর্ঘ সময় লাগবে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আরও দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ওই দুজন নিজেরাও ঘটনার ভুক্তভোগী। তারা আন্দোলনকারীদের ওপর গুলি চালানো ও হতাহতের ঘটনা সম্পর্কে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

এই দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটিতে মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলায় তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর ছেলেরা এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, জিয়াউল হাসানের মামলায় তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ চলছে। এ মামলায় সাক্ষ্য উপস্থাপনের জন্য প্রসিকিউশন আরও দুদিনের সময় নিয়েছে। এরপর তদন্তকারী কর্মকর্তার বাকি সাক্ষ্য উপস্থাপন করা হবে।

ট্রাইব্যুনাল-২-এ যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের একটি অংশের বিচার প্রায় শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে প্রসিকিউটর তামিম বলেন, পুরো ঘটনাকে চারটি ভাগে বিচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও এক মাস সময় চাওয়া হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

এ ছাড়া ময়মনসিংহের গৌরীপুরে ২০২৪ সালের ২০ জুলাই তিন শিক্ষার্থী নিহত হওয়ার মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ২৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। দুটি ফরমাল চার্জ একত্র করে একসঙ্গে বিচারেরও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত