কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-11-21T16:20:29+06:00
2026-11-21T16:20:29+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আইন-আদালত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:২০ পিএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনা এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিতে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো নোটিশে প্রস্তাবিত পদক্ষেপগুলো কেন নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে আগামী ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ওই রিটে রুল জারির পাশাপাশি দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হবে।

নোটিশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরির জন্য জাতীয় সংসদে আইন প্রণয়ন অথবা সংসদ অধিবেশন না থাকলে অধ্যাদেশ জারির প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত করার দায়ে শাস্তি, সম্পদ বাজেয়াপ্তকরণ এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার বিধান রাখার কথাও বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে ৯০ দিনের জন্য স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। কমিশনকে অর্থায়নের উৎস এবং কোনো বিদেশি সম্পৃক্ততা বা সহায়তা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের পাশাপাশি জাতিসংঘে পাঠানোর কথাও নোটিশে উল্লেখ রয়েছে।

এ ছাড়া বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে বিদেশি সরকারগুলোকে নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জাতিসংঘকে জানানোর অনুরোধ করা হয়েছে।

নোটিশে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানাতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় জেনেশুনে নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে অর্থায়ন, সংগঠন বা সহায়তাকারীদের বিরুদ্ধে তদন্ত এবং প্রমাণ পাওয়া গেলে ফৌজদারি মামলা করার দাবি জানানো হয়েছে। তবে নোটিশে স্পষ্ট করা হয়েছে, বৈধ রাজনৈতিক মতামত, শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশ এবং সরকারের সমালোচনাকে কোনোভাবেই শাস্তির আওতায় আনা যাবে না।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত