‘মাথা গরম না করে’ জনতার দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮ দফা দাবিতে ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরুর আগে উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, বর্তমানে তাদের ৮ দফা দাবি রয়েছে। এই দাবিকে ১৮ কোটি মানুষের দাবি উল্লেখ করে তিনি বলেন, দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন। জনতার দাবি মেনে নিতে হবে। জাতির প্রয়োজনে যেকোনো সময় এই দাবি এক দফায় পরিণত হতে পারে।
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার মানুষের অধিকার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। সেই বিষয়টি তুলে ধরতেই লংমার্চের আয়োজন করা হয়েছে।
খেলাফত মজলিসের নেতা মামুনুল হক বলেন, লংমার্চ নিয়ে সরকার ও তাদের তোষামোদকারীদের ‘মাথা নষ্ট হয়ে গেছে’। তিনি বলেন, এই আন্দোলন জনগণের অধিকারের আন্দোলন। বিএনপি মানুষের অধিকার আদায়ে ব্যর্থ হলে ‘ভেসে যাবে’।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, লংমার্চে মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং দাবির সংখ্যা বাড়ছে। অধিকার আদায় না হলে এক দফার দিকে অগ্রসর হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান সরকারও একই পথে হাঁটছে। তার অভিযোগ, বিগত সময়ের মতোই বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা হচ্ছে, আইন দিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং মানুষের মানবাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
জ/উ