ভারত থেকে বাংলাদেশ দখল করে নেওয়ার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে-অথচ এ বিষয়ে সরকারের কোনো অবস্থান দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, নির্বাচনের পরদিন থেকেই সরকার জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বিশেষ সংবিধান সংশোধন কমিটিকে অসাংবিধানিক কমিটি বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশে বেপরোয়া চাঁদাবাজি ও কমিশন বাণিজ্য চলছে, মানুষ হত্যার ঘটনাও ঘটছে। মেয়েশিশুদের ওপর নির্যাতন বেড়েছে, যার জন্য সরকারদলীয় নেতাকর্মীরা দায়ী বলে দাবি করেন তিনি। সংসদ ও আদালতের মধ্যে লুকোচুরি খেলা তাঁর দল চায় না বলেও জানান জামায়াত আমির।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে সংলাপে বসবেন।
সম্প্রতি গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করেও প্রশ্ন তোলেন জামায়াত আমির। সেখানে সরকারদলীয় তিনজন সংসদ সদস্য থাকা সত্ত্বেও তাঁরা এলাকার নিপীড়িত মানুষের খোঁজখবর নিয়েছেন কি না, তা জানতে চান তিনি।
জ/দি