নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরু রহমান ও তার ছেলে আশিকুর রহমান আদনানের বিরুদ্ধে চাঁদাবাজি, জায়গা-সম্পত্তি জবরদখল, মসজিদের সম্পত্তি নিয়ে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নুরু রহমান ও তার ছেলে আশিকুর রহমান আদনানের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে স্থানীয় কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে হয়রানি ও ক্ষতির শিকার হচ্ছেন। সম্পত্তি নিয়ে বিরোধ, দোকান ভাড়া, মসজিদের সম্পত্তি এবং ভূমি অধিগ্রহণের অর্থ সংক্রান্ত বিষয়েও তাদের মধ্যে বিরোধ রয়েছে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে এসব বিষয়ে প্রতিকার চাওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া নারী-পুরুষেরা অভিযোগের সুষ্ঠু তদন্ত, সম্পত্তি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি, ভুক্তভোগী পরিবারের হয়রানি বন্ধ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হলে সংশ্লিষ্ট সব পক্ষের অধিকার ও স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।
এসময় বিক্ষোভকারীরা নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
বিক্ষোভকারীরা আরও বলেন, স্থানীয় পর্যায়ে কোনো বিরোধকে কেন্দ্র করে যাতে নতুন করে উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এবিষয়ে অভিযুক্ত নুরু রহমানের কাছে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই সম্পত্তির ওয়ারিশীয় মালিক। আমি কেনো জবরদখল করতে যাবো। বরং তারা আমার সম্পত্তি জোরপূর্বক ভোগদখল করছে।
জ/বা