কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. মাহবুবুল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নাগেশ্বরী পৌরসভার ঠুটাপাইকর এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল ঠুটাপাইকর এলাকায় অবস্থান নেয়। এ সময় ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে মোটরসাইকেলে করে এক ব্যক্তি মাদক নিয়ে যাচ্ছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে ঠুটাপাইকর ব্রিজসংলগ্ন খালের পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তিনি খালের কচুরিপানার নিচে আত্মগোপন করেন। পুলিশ ও স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচ থেকে তাকে আটক করে। গ্রেপ্তার মাহবুবুল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ এলাকার বাসিন্দা।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান বলেন, গ্রেপ্তার ব্যক্তির মোটরসাইকেলে বিশেষ কৌশলে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি বলে জানান।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নাগেশ্বরীকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।