বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় বিজ্ঞাপনদাতাদের জন্য মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের বিল পরিশোধে নতুন সুবিধা চালু হয়েছে। এখন থেকে ক্রেডিট কার্ড বা বৈদেশিক মুদ্রায় লেনদেনের প্রয়োজন ছাড়াই বিকাশের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে দেওয়া বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা। এ জন্য অতিরিক্ত কোনো চার্জও দিতে হবে না।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘আগামী: বাংলাদেশ এআই ইনোভেশন ডে’ অনুষ্ঠানে এ সুবিধার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিশ্বখ্যাত বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার অংশীদারিত্বে আন্তর্জাতিক কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বাংলাদেশে মেটার পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার এবং পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদসহ অন্যরা।
এতদিন বাংলাদেশি উদ্যোক্তারা মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের বিল পরিশোধে বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুবিধাসম্পন্ন ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারতেন। দেশে এ ধরনের কার্ডের সংখ্যা আনুমানিক ৩০ লাখ। অনেক ক্ষুদ্র উদ্যোক্তার ক্রেডিট কার্ড না থাকায় বিজ্ঞাপন দেওয়ার আগ্রহ থাকলেও তারা মেটার প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারতেন না।
নতুন ব্যবস্থায় সেই বাধা অনেকটাই দূর হওয়ার সুযোগ তৈরি হয়েছে। দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে এখন মেটার বিজ্ঞাপনের বিল পরিশোধ করা যাবে। অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই পরিশোধ করা অর্থ সরাসরি মেটার বিজ্ঞাপন বাবদ আয়ের অ্যাকাউন্টে চলে যাবে।
বর্তমানে বিকাশের নিবন্ধিত সিম ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ২০ লাখ। দেশের মোট কার্ডধারী জনগোষ্ঠীর তুলনায় এ সংখ্যা অনেক বেশি। ফলে বাংলাদেশের বহু ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক প্রতিদিনের লেনদেনে যে বিকাশ পেমেন্ট পদ্ধতি ব্যবহার করেন, সেটিই এখন মেটার বিজ্ঞাপনের বিল পরিশোধেও কাজে লাগাতে পারবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নতুন এ সুবিধার ফলে ক্ষুদ্র ব্যবসাগুলোর অনলাইনে নিজেদের পরিসর বাড়ানোর সুযোগ আরও বিস্তৃত হবে। এ সুবিধা নিতে একজন ব্যবসায়ীর একটি স্মার্টফোন ও বিকাশ অ্যাকাউন্ট থাকলেই হবে। ক্রেডিট কার্ড কিংবা বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুযোগ ছাড়াই তারা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দিতে পারবেন।
এদিকে বিকাশের মাধ্যমে মেটার বিজ্ঞাপনের বিল পরিশোধের সুবিধা এবং বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা খাতে ডিজিটাল টুলস ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা নিয়ে অনুষ্ঠানে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘দেশে ১৪০ মিলিয়ন মোবাইল ব্যবহারকারীর মধ্যে মাত্র ৫০ শতাংশ বা ৭০ মিলিয়ন এর কাছে স্মার্টফোন রয়েছে। এর ফলে এই দেশে এখনও ৭০ মিলিয়ন মানুষ ডেটা ফোন ছাড়া রয়ে গেছে। আজকের দিনে বিশ্বের আর কোনো দেশে ৭০ মিলিয়ন ডেটাবিহীন ফোন নেই। তাই আমি মনে করি, এটি একটি বিশাল সম্ভাবনা।’
বাংলাদেশে মেটার পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার বলেন, ‘এটি একটি চমৎকার ব্যাপার যে বর্তমানে আরও বেশি বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসা অনলাইনে গ্রাহকদের কাছে পৌঁছাতে পারছে। এখন যেহেতু মেটা টুল ব্যবহারকারীদের জন্য স্থানীয় পেমেন্ট পদ্ধতি পর্যাপ্ত হচ্ছে, তাই আরও অনেক উদ্যোক্তা এই টুলগুলো ব্যবহার করে তাদের ব্যবসা গড়ে তুলতে এবং সম্প্রসারিত করতে পারবে।’
অনুষ্ঠানে সরকারের শীর্ষ প্রতিনিধি, শিল্প খাত এবং ক্ষুদ্র ও বেসরকারি খাতের উদ্যোক্তাসহ মোট ১৫০ জন কর্মকর্তা অংশ নেন।
জ/উ