চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন এবং বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরও ২৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা পৌরসভার ৬টি এলাকাকে 'হটস্পট' হিসেবে ঘোষণা করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল ৪৫ জন রোগীর সাথে নতুন ৩০ জন যুক্ত হওয়ার পর ২৪জন ছাড়পত্র পাওয়ায় বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ৫১ জন রোগী চিকিৎসাধীন আছেন। আক্রান্তদের মধ্যে ১৪ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ জন শিশু (২ জন ছেলে ও ১ জন মেয়ে) রয়েছে।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মোট ১ হাজার ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং বহির্বিভাগে শনাক্ত হয়েছেন ৭৭৮ জন। এদের মধ্যে ৫২ জনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় পৌরসভার আরামবাগ, মসজিদপাড়া, শিবতলা, বালুবাগান, হুজরাপুর ও চাঁদলাই এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ বা 'হটস্পট' ঘোষণা করা হয়েছে। এডিস মশার উপদ্রব থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দারা দ্রুত ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ স্প্রে করার জোর দাবি জানিয়েছেন।
জ/বা