ইতালির ভেনিসে একটি পার্কে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। এ ঘটনায় মর্মাহত, ক্ষুব্ধ ও লজ্জিত হওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী সাফা কবির।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সাফা কবির বলেন, বাঁধন ও তাঁর পরিবারকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো শিল্পীর এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিদেশের কোনো চলচ্চিত্র উৎসবে শিল্পীরা যখন নিজেদের চলচ্চিত্র ও দেশের প্রতিনিধিত্ব করেন, তখন তাঁদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত বলে মনে করেন সাফা। তাঁর ভাষায়, অপমান, হয়রানি কিংবা আতঙ্ক নয়-শিল্পীদের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা।
দেশের শিল্পীদের বারবার রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে জড়িয়ে পড়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, শিল্পীরা সত্য, ন্যায় ও মানুষের কথা বলবেন-এটাই তাঁদের স্বাধীনতা। সেই কণ্ঠের কারণে কেন একজন শিল্পীকে বারবার মূল্য দিতে হবে, সে প্রশ্নও তোলেন তিনি।
সাফা আরও বলেন, কয়েকজনের আচরণের কারণে যেন পুরো বাংলাদেশি জাতিকে নেতিবাচকভাবে বিচার করা না হয়। কিছু মানুষের কর্মকাণ্ডের দায় পুরো দেশের সাধারণ মানুষকে বহন করতে হবে কেন-এমন প্রশ্ন তুলে তিনি বিদেশে বাংলাদেশিদের সম্মান, ভিসা ও চলাচলের ক্ষেত্রে এর প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন সাফা কবির। তিনি বলেন, এ ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ এবং বাঁধন যেন ন্যায়বিচার পান, সেটিই তাঁর প্রত্যাশা।
তবে কয়েক দিনের আলোচনা-সমালোচনার পর ঘটনাটি যেন অন্য কোনো খবরের আড়ালে হারিয়ে না যায়, সেই আশঙ্কাও প্রকাশ করেন তিনি। সাফার মতে, একজন শিল্পীর নিরাপত্তা, সম্মান ও স্বাধীনতার বিষয়টি শুধু ব্যক্তিগত কোনো বিষয় নয়; এর সঙ্গে সমাজ, দেশ ও জাতীয় পরিচয়ের প্রশ্নও জড়িত।
তিনি মনে করেন, কোনো শিল্পীর কণ্ঠ, সম্মান ও নিরাপত্তা কখনোই রাজনৈতিক টানাপোড়েনের মূল্য হওয়া উচিত নয়।
জ/উ