পি টিউনের পরাগ বিশ্বাসের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

সঙ্গীত পরিবেশক প্রতিষ্ঠান পি টিউন স্টুডিওর স্বত্বাধিকারী পরাগ কুমার বিশ্বাসের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, অর্থ আত্মসাৎ, হত্যার হুমকি ও কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ তিনি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। তার দাবি, অভিযোগগুলো একতরফা এবং প্রকাশের আগে তার কোনো বক্তব্য নেওয়া হয়নি।

2026-09-05T21:09:19+06:00
2026-09-05T21:09:19+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
পি টিউনের পরাগ বিশ্বাসের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার
মামলা তদন্তে পিবিআইতে স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম 
পি টিউনের পরাগ বিশ্বাসের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার
সঙ্গীত পরিবেশক প্রতিষ্ঠান পি টিউন স্টুডিওর স্বত্বাধিকারী পরাগ কুমার বিশ্বাসের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, অর্থ আত্মসাৎ, হত্যার হুমকি ও কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ তিনি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। তার দাবি, অভিযোগগুলো একতরফা এবং প্রকাশের আগে তার কোনো বক্তব্য নেওয়া হয়নি।

বিডি ২৯ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন (আকাশ)-এর দায়ের করা মামলাটি নরসিংদী আদালতে সি.আর. ১৪১০/২০২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে। আদালত মামলার বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে পাঠিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

গত ২ থেকে ৪ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব ও জাগোনিউজ২৪-সহ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাদীপক্ষের বক্তব্যের ভিত্তিতে অভিযোগগুলো তুলে ধরা হয়। এ প্রসঙ্গে পরাগ কুমার বিশ্বাস বলেন, তার ও তার প্রতিষ্ঠানের ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল ও ওয়েবসাইট প্রকাশ্য থাকা সত্ত্বেও সংবাদ প্রকাশের আগে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি।

অভিযুক্ত পরাগ বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, পি টিউন স্টুডিও ও বিডি ২৯ মাল্টিমিডিয়ার মধ্যকার সম্পর্ক ছিল একটি নিয়মিত বাণিজ্যিক পরিবেশনা সম্পর্ক, যা ২০২২ সালের ২০ ডিসেম্বর উভয় পক্ষের স্বাক্ষরিত লিখিত চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত ছিল। মামলার বাদী মো. জসিম উদ্দিন (আকাশ) বিস্তারিত জেনে ও বুঝে নিজেই ওই চুক্তিতে স্বাক্ষর করেছেন বলে দাবি তার। সংশ্লিষ্ট ইনভয়েস, হিসাব-বিবরণী ও ব্যাংক লেনদেনের রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে এবং তদন্ত চলাকালে তা উপস্থাপন করা হবে।

তিনি আরও জানান, পরবর্তীতে ২০২৩ সালের ২৪ এপ্রিল Believe International-এর ট্রান্সফার দলিলের মাধ্যমে মো. জসিম উদ্দিন (আকাশ) নিজে ইলেকট্রনিক স্বাক্ষর দিয়ে সম্পূর্ণ গানের ক্যাটালগের নিয়ন্ত্রণ বুঝে নেন। হস্তান্তরসংক্রান্ত ওই দলিলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বাক্ষর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পরাগ কুমার বিশ্বাস জানান, তিনি ২০২৬ সালের ২৪ আগস্ট আইনি নোটিশটি হাতে পান। নোটিশে নির্ধারিত সময়সীমার মধ্যেই তার আইনজীবী অ্যাডভোকেট মো. আহসান আলীর মাধ্যমে বিস্তারিত ও দলিলভিত্তিক জবাব প্রস্তুত করে ৩০ আগস্ট রেজিস্ট্রি ডাকযোগে (এ/ডি) ও ইমেইলে পাঠানো হয়। প্রকাশিত সংবাদগুলোতে জবাব প্রদানের এই তথ্যটি উল্লেখ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

মামলাটি বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআইয়ের কাছে তদন্তাধীন থাকা সত্ত্বেও বাদী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, মানসিকভাবে হেনস্তা করা এবং তার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে পরাগ কুমার বিশ্বাস অভিযোগ করেন। তার ভাষ্য, বিভিন্ন অনলাইন ও ডিজিটাল মাধ্যমে অনবরত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, তিনি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একজন শান্তিপ্রিয় নাগরিক এবং বাদী ইতিপূর্বেও বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে সুবিধা আদায় করেছেন। তার সংখ্যালঘু পরিচয়ের সুযোগ নিয়ে তাকে কোণঠাসা করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

জসিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ এনে পরাগ বিশ্বাস জানান, জসিম উদ্দিন তার প্রযোজিত চলচ্চিত্রে তাকে মুখ্য চরিত্রে অভিনয় করানো ও নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রলোভন দেখান এবং তিনি সরল বিশ্বাসে তাতে আশ্বস্ত হন। কিন্তু পরবর্তীতে সুকৌশলে তাকে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করানো হয় এবং চলচ্চিত্রের মূল পোস্টার থেকে তার ছবি ও যথাযথ ক্রেডিট বাদ দেওয়া হয় এছাড়াও সঠিক পারিশ্রমিক না দিয়ে কাজ করানোর চেষ্টা করেন। এরই প্রেক্ষিতে ২০২৩ সালের ২৭ জানুয়ারি তিনি বিডি ২৯ মাল্টিমিডিয়ার সঙ্গে আর কোনো কাজ না করার সিদ্ধান্ত জানান।

এরপর তাকে ক্ষতিসাধন ও মিথ্যা মামলার ভয় দেখানো হয় বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা বা গুরুতর জখমের ভয়ভীতি দেখিয়ে ও চাপ প্রয়োগ করে তার কাছ থেকে অফেরতযোগ্যভাবে ২৫০ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ আদায় করা হয় এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরাগ কুমার বিশ্বাসের আরও অভিযোগ, তার প্রতিষ্ঠান পি টিউন স্টুডিওর সঙ্গে যাতে অন্য শিল্পীরা কাজ করতে না পারেন সেজন্য কয়েকজন শিল্পীকে জোরপূর্বক একটি দলিলে স্বাক্ষর করানো হয়। সব মিলিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও শত্রুতাবশত হয়রানির উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে সি.আর. ১৪১০/২০২৬ মামলাটি দায়ের করা হয়েছে বলে তিনি দাবি করেন।

মামলার এজাহারের একটি নির্দিষ্ট অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন পরাগ কুমার বিশ্বাস। তিনি জানান, মামলায় উল্লেখ করা হয়েছে যে ২০২৬ সালের ২৮ আগস্ট শুক্রবার আনুমানিক বেলা ৩টার দিকে সাক্ষীদের উপস্থিতিতে বাদীর বসতবাড়িতে বিরোধ নিষ্পত্তির বৈঠক চলাকালে তিনি ক্ষিপ্ত হয়ে পাওনা টাকা না চাওয়ার জন্য হুমকি এবং প্রাণনাশের হুমকি দেন। 

এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি দাবি করে তিনি বলেন, ওই দিন তিনি নিজ বাড়ি চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পি টিউনের অফিসে অবস্থান করছিলেন। শুক্রবার সরকারি ছুটির দিন হলেও তিনি অফিসের কর্মীদের নিয়ে সাপ্তাহিক ভ্রমণ সভার আয়োজন করেন এবং সভা শেষে দুপুর ২টা ২৯ মিনিটে অফিস থেকে বের হন। অফিসের প্রবেশ লগ রিপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড ও সিসিটিভি ফুটেজে তা সংরক্ষিত রয়েছে বলে তিনি জানান।

তার প্রশ্ন, এসব রেকর্ড যদি প্রমাণ করে যে তিনি ওই সময়ে নিজ কর্মস্থলে ছিলেন, তাহলে একই সময়ে বাদীর বসতবাড়িতে তার উপস্থিতি কীভাবে সম্ভব।

পি টিউন স্টুডিও ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত একটি রেকর্ড লেবেল ও অনুমোদিত ডিজিটাল সংগীত পরিবেশক সংস্থা। প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে সঙ্গীত পরিবেশনা ও স্বত্ব ব্যবস্থাপনার কাজ করে আসছে।

পরাগ কুমার বিশ্বাস বলেন, তিনি আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং চলমান আইনি প্রক্রিয়ায় সর্বপ্রকার সহযোগিতা করতে প্রস্তুত। নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


জ/বা




  বিষয়:   অন্যান্য  পি টিউন  মামলা  পিবিআই 



Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]