২০২৭ সালে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তবে এসব তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চূড়ান্ত তারিখে পরিবর্তন হতে পারে।
হিজরি বর্ষপঞ্জির মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রতিটি মাসের দিনের সংখ্যা নির্ধারিত হয়। সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি নিয়মিত চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করে। এর ভিত্তিতেই দেশটিতে গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসগুলোর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়।
রমজান শুরু কবে?
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার অথবা ৭ ফেব্রুয়ারি রোববার রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে।
তবে ২৯ শাবান সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে চাঁদ দেখা সম্ভব হবে না বলে জানিয়েছে কেন্দ্রটি। এ কারণে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈদুল ফিতর কবে?
হিজরি শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর পালিত হয়। তাই রমজান মাস কত দিনে পূর্ণ হবে, তার ওপর নির্ভর করছে ২০২৭ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ।
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাবে, ২০২৭ সালের ৮ মার্চ সোমবার অথবা ৯ মার্চ মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে।
৮ মার্চ, অর্থাৎ রমজানের ২৯ তারিখ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেলে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হবে। আর ওই দিন চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হবে। সেক্ষেত্রে ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। এর আগের দিন জিলহজের ৯ তারিখ পবিত্র আরাফার দিন।
জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৬ মে বৃহস্পতিবার অথবা ৭ মে শুক্রবার জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। সে হিসাবে ১৬ মে রোববার অথবা ১৭ মে সোমবার ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মুহররম কবে শুরু?
হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমের প্রথম দিন নতুন ইসলামী বছরের সূচনা হয়। ২০২৭ সালের সম্ভাব্য চাঁদ দেখার হিসাব অনুযায়ী, ১৪৪৯ হিজরি সালের প্রথম দিন ৫ থেকে ৭ জুনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।
যদি ৭ মে জিলহজ মাস শুরু হয় এবং মাসটি ২৯ দিনে পূর্ণ হয়, তাহলে ৫ জুন শনিবার মুহররম মাস শুরু হতে পারে। জিলহজ ৩০ দিনে পূর্ণ হলে তা ৬ জুন রোববার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ৮ মে জিলহজ শুরু হলে এবং মাসটি ২৯ দিনে পূর্ণ হলে ৬ জুন শনিবার মুহররমের প্রথম দিন হতে পারে। আর জিলহজ ৩০ দিনে পূর্ণ হলে নতুন ইসলামি বছর শুরু হতে পারে ৭ জুন সোমবার।
তবে এসব তারিখই এখন পর্যন্ত সম্ভাব্য হিসাব। চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে। সূত্র: খালিজ টাইমস
জ/শা