অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে আলোচনায় এসেছেন। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে প্রয়াত এই সাবেক সরকারপ্রধানকে নিয়ে আলোচনা করতে গিয়ে তার আদলে সাজেন চমক। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন তিনি। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের পর্বটির ক্যাপশনে চমক লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প; যিনি গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী।
ঢাকার জিয়া উদ্যান ও একটি স্টুডিওতে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়। এতে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায় চমককে। তার সাজ ও উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার পরিচিত চেহারার ছাপ ফুটে উঠেছে বলে মনে করছেন দর্শকদের অনেকে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা মন্তব্য। অনেকেই চমকের সাজ ও উপস্থাপনার প্রশংসা করেছেন। এক নেটিজেন মন্তব্য করেন, চমক সত্যিই প্রতিভাবান শিল্পী; তাকে পুরোপুরি খালেদা জিয়ার মতো লাগছে। কেউ কেউ বলেন, এত সুন্দরভাবে এর আগে তাকে কেউ উপস্থাপন করেননি। আবার কারও মন্তব্য, ভিডিওটি দেখে মুহূর্তের জন্য মনে হয়েছে যেন সত্যিই বেগম খালেদা জিয়াকে দেখা যাচ্ছে।
এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনেও আলোচনায় আসেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।
রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। তিন বছরের বিরতির পর ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ে ফেরেন তিনি। এরপর ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
জ/উ