তাহসিফের মৃত্যুতে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-29T16:55:21+06:00
2026-10-29T16:55:21+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
তাহসিফের মৃত্যুতে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৫৫ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তদন্তের মাধ্যমে ঘটনার সব দিক জানার পর এ বিষয়ে কথা বলা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তাহসিফের মৃত্যুর পেছনে কোনো শত্রুতা কাজ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি এই বিষয়ে এখনো কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে। আর লাশের ময়নাতদন্ত হচ্ছে। তার পর আমরা সব বিষয় জেনে কথা বলব।’

তাহসিফের মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা ও অনুমানের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবকিছু জানার পরই তিনি এ বিষয়ে বক্তব্য দেবেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে। পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনবল বৃদ্ধি এবং যানবাহনসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে সরকার কাজ করছে। পুলিশে আরও জনবল নিয়োগের প্রক্রিয়াও চলছে।

তিনি আরও বলেন, অপরাধ শনাক্ত করা, অপরাধীদের গ্রেপ্তার এবং তদন্তের ক্ষেত্রে পুলিশ কাজ করছে। দু-একটি ব্যতিক্রম থাকতে পারে। পুলিশ সদস্যদের ভালো কাজের জন্য পুরস্কার এবং অপরাধ বা শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শাস্তির ব্যবস্থা চালু করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে শৃঙ্খলার মধ্যে রেখে পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত