কক্সবাজার প্রতিনিধি

অপরাধ

2026-08-16T14:22:02+06:00
2026-08-16T14:22:02+06:00
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Advertisement
অপরাধ
কক্সবাজারে পর্যটককে হুমকির অভিযোগে হোটেল ম্যানেজার গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:২২ পিএম 
কক্সবাজারের তারকা হোটেল সী-গালের রেস্তোরাঁয় দেশি মুরগির পরিবর্তে সোনালি মুরগি পরিবেশনের অভিযোগের প্রতিকার চাইতে গিয়ে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৫ আগস্ট) রাতে কক্সবাজার সদর মডেল থানায় দণ্ডবিধির ৪১৯, ৪২০ ও ৫০৬ ধারায় পুলিশ বাদী হয়ে মামলা করে। থানার এসআই শুভ্র রুদ্র বাদী হয়ে মামলাটি করেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে পর্যটককে হুমকি দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। একই অভিযোগে ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গত ৯ আগস্ট কুষ্টিয়ার কুমারখালীর বাসিন্দা মোহাম্মদ রাসেল উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে এসে হোটেল সী-গালের ৭১৫ ও ৭১৭ নম্বর কক্ষে ওঠেন। রাতে হোটেলের রেস্তোরাঁয় পরিবারের জন্য খাবার অর্ডারের সময় তিনি একাধিকবার দেশি মুরগির বিষয়টি নিশ্চিত করেন। রেস্তোরাঁর কর্মীরাও দেশি মুরগি দেওয়ার কথা জানান।

তবে খাবার পরিবেশনের পর স্বাদ নিয়ে সন্দেহ হলে রাসেল বিষয়টি কর্তৃপক্ষকে জানান। তার অভিযোগ, দেশি মুরগির কথা বলে সোনালি মুরগির মাংস পরিবেশন করা হয়েছে। পরে হোটেল কর্তৃপক্ষ সোনালি মুরগি পরিবেশনের বিষয়টি স্বীকার করে এবং তাদের এখানে ‘দেশি মুরগি’ হিসেবে সোনালি মুরগি পরিবেশন করা হয় বলেও জানানো হয় বলে রাসেলের দাবি।

এরপর বিষয়টি জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে ফোনে জানান রাসেল। তার অভিযোগ, তাৎক্ষণিক প্রতিকার না পেয়ে পরে রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানের ফোন পান তিনি। ওই ফোনে রাজনৈতিক প্রভাব দেখিয়ে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন রাসেল।

রাসেল বলেন, টাকার পরিমাণ নিয়ে তার আপত্তি ছিল না; বরং সেবার নামে খাবার নিয়ে প্রতারণা এবং পরে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। এ ঘটনায় তিনি সরকারের জাতীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থায়ও অভিযোগ করেন।

এদিকে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মীর কামরুল হাসান হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করেন। তার বক্তব্যের অডিও প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, এরপর বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের নজরে আসে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি এ ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই মীর কামরুল হাসানকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন হোটেল সী-গাল গ্রুপের চেয়ারম্যান মাসুম ইকবাল। তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিষ্ঠানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

এদিকে শুধু হুমকির অভিযোগ নয়, খাবার পরিবেশন নিয়ে রাসেল উদ্দিনের লিখিত অভিযোগও আমলে নেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) সেবাস্টিন রেমাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জেলা প্রশাসনের পর্যটন সেলেও অভিযোগ করেছিলেন রাসেল। সেখান থেকে তাৎক্ষণিক প্রতিকার না পেয়ে পরে সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) অনলাইন প্ল্যাটফর্মে অভিযোগ করেন তিনি। অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নিয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]