মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে দুজনকে আটক করেছে র্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন, পাঁচটি সিম এবং নগদ ১০ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গাংনী উপজেলার রুয়েরকান্দি (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান চালায় র্যাবের একটি দল। অভিযানে আনোয়ার (৩৫) ও মো. হাসান (১৯) নামের দুজনকে আটক করা হয়।
র্যাবের দাবি, আটকের পর জিজ্ঞাসাবাদে তারা সাইবার স্পেসে জুয়া খেলার উদ্দেশ্যে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনার কথা স্বীকার করেছে।
র্যাব জানায়, আটক দুজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
জ/উ