জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-16T14:03:44+06:00
2026-08-16T14:03:44+06:00
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে চাই: তারেক রহমান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:০৩ পিএম 
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান তিনি। আজ রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি বলেন, নদী-খাল ও জলাশয়ে মাছের উৎপাদন বাড়লে এর সুফল বাংলাদেশের মানুষই পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশের মানুষ ও গ্রামের মানুষের কল্যাণ। বিগত নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপিকে বিজয়ী করেছে বলেও উল্লেখ করেন তিনি। এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

খাল খনন কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনের আগে খাল খননের কর্মসূচি শুরুর কথা বলা হয়েছিল। সরকার গঠনের পর আল্লাহর রহমতে সারা দেশে খাল খননের কাজ শুরু হয়েছে। এতে কৃষকরা উপকৃত হওয়ার পাশাপাশি খালসংলগ্ন এলাকার মানুষও পানির সুবিধা পাচ্ছেন।

তবে শুধু খাল খনন করলেই হবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, খালের পানি যথাযথভাবে কাজে লাগাতে হবে। কৃষিতে সেচ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মাছের উৎপাদন বাড়াতেও এসব জলাশয় ব্যবহার করতে হবে।

তিনি জানান, ব্রহ্মপুত্র নদে আজ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন নদী ও বড় খালে পোনা অবমুক্ত করা হবে। এতে কৃষকরা সেচ সুবিধা পাওয়ার পাশাপাশি মাছ উৎপাদনের মাধ্যমে দেশের মানুষের খাদ্যচাহিদা পূরণে সহায়তা হবে।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারী সমাজকে পিছিয়ে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার পরিচালনার সময় নারীদের শিক্ষার প্রসারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

নারীদের শিক্ষিত ও দক্ষ করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, নারী-পুরুষ সবার অংশগ্রহণ নিশ্চিত করেই বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় উপস্থিত মানুষ করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। মাছের পোনা অবমুক্তকরণকে কেন্দ্র করে সকাল থেকেই পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ-৪ আসনের এমপি মো. ফজলুর রহমানসহ অন্যরা।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]