আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলায় এনসিপির দুই নেতা গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

অপরাধ

2026-08-13T10:37:18+06:00
2026-08-13T10:37:18+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
অপরাধ
আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলায় এনসিপির দুই নেতা গ্রেপ্তার
সাভার প্রতিনিধি
⏲ ১০:৩৭ এএম | ১৩ আগস্ট, ২০২৬ | বৃহস্পতিবার
আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলায় এনসিপির দুই নেতা গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি শাকিল (২৩) এখনো পলাতক রয়েছেন। গত মঙ্গলবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থী আশুলিয়ার কন্ডা এলাকার বাসিন্দা এবং সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়াশোনা করে। শাকিল তাদের প্রতিবেশী। অভিযোগ অনুযায়ী, স্কুলে যাতায়াতের সময় শাকিল ও তার সহযোগীরা ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।

মামলার বাদী ও ভুক্তভোগীর মা আরিফা আক্তার জানান, গত ১০ আগস্ট সকাল ৮টার দিকে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে তিনি বাড়ি ফেরেন। দুপুর সোয়া ২টার দিকে মেয়েকে আনতে স্কুলে গিয়ে জানতে পারেন, সে সেখানে নেই। পরে মেয়ের বান্ধবীদের কাছ থেকে তিনি জানতে পারেন, দুপুর ২টার দিকে নবীনগর এলাকায় স্কুলের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা ফুসলিয়ে মেয়েটিকে নিয়ে গেছে।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমের সম্পৃক্ততা ও সহযোগিতার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত