সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা মার্কেট এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুই ভাইসহ তিন প্রবাসীকে অপহরণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে খাবার খেতে যাওয়ার পথে ৮ থেকে ৯ জনের একটি দল তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন স্বজনরা। পরে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় অপহৃতদের পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
অপহৃত তিন প্রবাসী হলেন বাঞ্ছারামপুর উপজেলার চর শিবপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে মো. কাউছার ও মো. ইসলাম এবং সলিমাবাদ গ্রামের আলম মিয়ার ছেলে মো. মাসুদ।
স্বজনদের অভিযোগ, অপহরণকারীরা ভিডিও কলের মাধ্যমে তাদের মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি করছে। এ ঘটনায় একটি পরিবার দেড় লাখ টাকা পরিশোধ করলেও আরও টাকা দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সৌদি আরবে কর্মরত কাউছার, ইসলাম ও তাদের খালু মাসুদ গত বৃহস্পতিবার রাতে কাজ শেষে খাবার খেতে বের হন। এ সময় রিয়াদের বাথা মার্কেট এলাকা থেকে একটি অপহরণকারী চক্র তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনার পর তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকাল থেকে অপহরণকারীরা বিভিন্ন নম্বরে ভিডিও কল দিয়ে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করতে থাকে। ভিডিও কলে অপহৃতদের মারধর করে নির্যাতনের দৃশ্যও দেখানো হয় বলে জানিয়েছেন স্বজনরা।
অপহরণকারীরা তিন পরিবারের কাছে মোট ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি পরিবার দেড় লাখ টাকা পরিশোধ করেছে। তবে এরপরও অপহরণকারীরা আরও টাকা দাবি করছে বলে জানান স্বজনরা।
অপহৃতদের পরিবারের সদস্যরা জানান, বিষয়টি সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। সৌদি পুলিশ তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে তারা জানতে পেরেছেন। একই সঙ্গে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতাও চাওয়া হয়েছে।
চর শিবপুর গ্রামের কাউছার ও ইসলামের ফুফু ময়না বেগম বলেন, ‘শুক্রবার সকালে আমার ভাইয়ের ছেলেদের অপহরণের বিষয়টি জানতে পারি। তাদের মামা সৌদি আরবে থাকেন। তিনি বিষয়টি খোঁজখবর রাখছেন। অপহরণকারীরা টাকা-পয়সা দাবি করছে। আমরা খুব দুশ্চিন্তায় আছি।’
সলিমাবাদ গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী মাহমুদা বেগম বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আমার স্বামী ও তার দুই ভাগিনাকে কয়েকজন ব্যক্তি অপহরণ করে। শুক্রবার সকালে স্বামীর ফোন থেকে আমার নম্বরে ভিডিও কল দিয়ে ৫ লাখ টাকা দাবি করে। এ সময় তাদের মারধর করে দেখানো হয়। অপহরণকারীরা হুমকি দিয়ে বলেছে, টাকা দিলে ছেড়ে দেবে, আর টাকা না দিলে মেরে ফেলবে।
ইসলাম ও কাউছারের মা বলেন, আমার দুই ছেলে ও বোনের জামাইকে অপহরণ করে টাকা চাওয়া হচ্ছে। আমার ভাই হাসান সৌদি আরবে থাকেন। তিনি মুক্তিপণ হিসেবে দেড় লাখ টাকা দিয়েছেন। এখন আরও টাকা দাবি করছে তারা। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাব?
তিনি আরও বলেন, আমার ছোট ছেলে ইসলাম এক মাস আগে সৌদি আরবে গেছে। আরেক ছেলে কাউছার তিন বছর ধরে সেখানে আছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, সৌদি আরবে তিন যুবককে অপহরণের বিষয়ে তাকে কেউ জানায়নি। তবে বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।
জ/শা