ফিচার ডেস্ক

ফিচার

2026-08-16T14:39:04+06:00
2026-08-16T14:39:04+06:00
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Advertisement
ফিচার
যে আবিষ্কার বদলে দিয়েছিল জ্ঞান ও যোগাযোগের দুনিয়া
ফিচার ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:৩৯ পিএম 
কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান বিপ্লব যেমন মানুষের জীবন ও কাজের ধরন বদলে দিচ্ছে, তেমনি কয়েক শতাব্দী আগে মুদ্রণযন্ত্রের আবিষ্কারও জ্ঞান, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। প্রায় ছয় শতক আগে, ১৪ আগস্ট ১৪৩৭ সালে মুদ্রণযন্ত্র আবিষ্কারের মধ্য দিয়ে তথ্য ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নতুন যুগের সূচনা হয়।

মুদ্রণযন্ত্রের আগে
মুদ্রণের প্রাথমিক রূপের সন্ধান পাওয়া যায় খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে। তখন মাটির ফলকে লেখা নথির সত্যতা নিশ্চিত করতে নলাকার সিলমোহর ব্যবহার করা হতো। মৃৎপাত্রে ছাপ, কাপড়ে নকশা এবং মুদ্রা তৈরিও ছিল মুদ্রণের প্রাচীন পদ্ধতির অংশ।

সপ্তম শতাব্দীতে চীনে রেশম ও কাগজে কাঠের ব্লক ব্যবহার করে উডব্লক প্রিন্টিংয়ের প্রচলন শুরু হয়। পরে এ পদ্ধতি এশিয়ার বিভিন্ন অঞ্চল হয়ে ইউরোপেও ছড়িয়ে পড়ে।

গুটেনবার্গের হাত ধরে পরিবর্তন
পঞ্চদশ শতাব্দীতে জার্মান উদ্ভাবক জোহানেস গুটেনবার্গ প্রচলিত প্রযুক্তি ও কৌশলের ওপর ভিত্তি করে আধুনিক মুদ্রণযন্ত্র তৈরি করেন। এতে তুলনামূলক কম খরচে দ্রুত ও বৃহৎ পরিসরে বই ছাপানো সম্ভব হয়। পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে বাইবেল ব্যাপকভাবে মুদ্রিত হতে শুরু করে। এখন পর্যন্ত এর প্রায় ৫০ থেকে ৭০ লাখেরও বেশি কপি মুদ্রিত ও বিক্রি হয়েছে বলে উল্লেখ করা হয়।

মুদ্রণযন্ত্রের ফলে বই ও জ্ঞান সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণির মানুষের কাছে সহজলভ্য হয়ে ওঠে। রেনেসাঁর সময় ইউরোপজুড়ে মুদ্রণশিল্পের বিস্তার ঘটে। পরে ব্রিটিশ-আমেরিকান উপনিবেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে ধারণা ও মতামত দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয় এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনও শক্তিশালী হয়।

কমে আসে লেখার ভুল
মুদ্রণযন্ত্র আবিষ্কারের আগে বইয়ের অনুলিপি মূলত হাতে লেখা হতো। ফলে অনুলিপি তৈরির সময় ভুলের আশঙ্কা ছিল বেশি। মুদ্রণপ্রযুক্তি একই লেখা বহু কপি নির্ভুলভাবে প্রকাশের সুযোগ তৈরি করে। এতে বইয়ের তথ্যের ওপর নির্ভরযোগ্যতা বাড়ে এবং প্রকাশিত তথ্য পরবর্তী সময়ে তথ্যসূত্র হিসেবেও ব্যবহারের সুযোগ তৈরি হয়।

শিক্ষায় বড় পরিবর্তন
মুদ্রণযন্ত্র লিখিত জ্ঞান ও ধারণার বিস্তারকে সহজ করে। লেখকরা নিজেদের কাজ প্রকাশের সুযোগ পান এবং গবেষণার ফলাফল বৃহত্তর মানুষের কাছে পৌঁছাতে শুরু করে। একই সঙ্গে কপিরাইট, সাহিত্যচৌর্য ও মেধাস্বত্বের মতো অধিকারও ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়। বই সহজলভ্য হওয়ায় মানুষ নিজে পড়ে জ্ঞান অর্জনের সুযোগ পায়। এর প্রভাব শিক্ষাব্যবস্থার বিকাশেও পড়ে।

বৈজ্ঞানিক বিপ্লবেও ভূমিকা
বৈজ্ঞানিক ধারণা ও আবিষ্কার দ্রুত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মুদ্রণযন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন ১৬২০ সালে মুদ্রণযন্ত্রকে বিশ্ব পরিবর্তনকারী তিনটি গুরুত্বপূর্ণ আবিষ্কারের একটি হিসেবে উল্লেখ করেন।

মুদ্রণ বিপ্লবের আগে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ভাষা, ভৌগোলিক দূরত্ব ও হাতে লেখা প্রকাশনার সীমাবদ্ধতায় একে অপরের গবেষণা থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিলেন। মুদ্রণযন্ত্র সেই বাধা কমিয়ে দেয়। ফলে ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে বৈজ্ঞানিক জ্ঞান দ্রুত বিকশিত হয়।

১৪৫০ সালের দিকে গুটেনবার্গ ধাতব অক্ষর ব্যবহারের মাধ্যমে মুদ্রণের নির্ভুলতা আরও বাড়ান। পৃথিবী ও আকাশের মানচিত্র এবং মানবদেহের অঙ্গসংস্থানবিষয়ক চিত্র আরও নিখুঁতভাবে প্রকাশ করা সম্ভব হয়। জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাসও মুদ্রিত জ্যোতির্বৈজ্ঞানিক সারণি ব্যবহার করে নিজের পর্যবেক্ষণকে সমর্থন করেছিলেন।

শিল্পবিপ্লব ও দ্রুত সংবাদ প্রচার
শিল্পবিপ্লবের সময় যান্ত্রিক মুদ্রণযন্ত্রের বিকাশ ঘটে। বাষ্পশক্তিচালিত এসব যন্ত্র প্রতি ঘণ্টায় হাজার হাজার পৃষ্ঠা মুদ্রণ করতে পারত। এতে সংবাদপত্র দ্রুত ছাপানো সম্ভব হয় এবং বিভিন্ন ঘটনা ও সংবাদ আগের তুলনায় দ্রুত মানুষের কাছে পৌঁছাতে শুরু করে।

পরবর্তী সময়ে মুদ্রণপ্রযুক্তির উন্নয়ন ত্রিমাত্রিক বা থ্রিডি মুদ্রণের মতো প্রযুক্তির পথও তৈরি করে। বর্তমানে নির্মাণ, চিকিৎসা ও বিভিন্ন শিল্পে থ্রিডি প্রিন্টিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অর্থনীতিতেও প্রভাব
বইয়ের দাম কমা ও সহজলভ্যতার কারণে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়তে থাকে। বড় শহরগুলো ধীরে ধীরে জ্ঞান, ব্যবসা ও সম্পদের কেন্দ্র হয়ে ওঠে। নতুন তথ্য ও প্রকাশনার সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবসাও বিস্তার লাভ করে।

গ্রামীণ কৃষকরাও প্রকাশিত কৃষিপঞ্জিকা থেকে উপকৃত হন। নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে তারা কৃষিকাজের সময় ও পদ্ধতি আরও ভালোভাবে সমন্বয় করতে পারতেন, যা কৃষি উৎপাদন ও লাভজনকতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

সাংস্কৃতিক ও ধর্মীয় ভাবনার বিস্তার
মুদ্রণযন্ত্র বিভিন্ন অঞ্চল ও জনগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় ধারণার আদান-প্রদান সহজ করে। ধর্মীয় গ্রন্থ, সাহিত্য ও দার্শনিক রচনা বিভিন্ন শ্রেণির মানুষের কাছে পৌঁছে যায়। স্থানীয় ভাষায় বাইবেলসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থের প্রচলন বাড়ায় সাধারণ মানুষের নিজে পড়া ও ব্যাখ্যা করার সুযোগও বৃদ্ধি পায়। বিভিন্ন ভাষায় মুদ্রণের সুযোগ সংস্কৃতির মধ্যে যোগাযোগ ও ভাবের বিনিময়কে আরও সহজ করে।

রাজনৈতিক পরিবর্তনেও প্রভাব
রাজনৈতিক ধারণা, প্রচারপত্র ও বিভিন্ন মতামত দ্রুত ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মুদ্রণযন্ত্র ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ আন্দোলনে প্রভাব ফেলেছে। ধর্মসংস্কার আন্দোলন, আলোকায়ন ও বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের সময় মুদ্রিত লেখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এসব লেখা প্রচলিত ধারণা ও ব্যবস্থাকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও সমালোচনামূলক চিন্তার প্রসার ঘটায়। রাজনৈতিক মতামত প্রকাশ ও বিতর্কের ক্ষেত্র তৈরি করার মাধ্যমে মুদ্রণযন্ত্র আধুনিক গণতান্ত্রিক সমাজের বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।

মুদ্রণযন্ত্র শুধু বই ছাপার প্রযুক্তি ছিল না; এটি জ্ঞান, শিক্ষা, বিজ্ঞান, অর্থনীতি, সংস্কৃতি ও যোগাযোগের বিস্তারে দীর্ঘমেয়াদি পরিবর্তন এনেছে। বর্তমানের আধুনিক প্রযুক্তির বিকাশেও এর প্রভাব বিভিন্নভাবে দৃশ্যমান। সূত্র: দ্য হিন্দু, টেক্সাস অ্যান্ড এম ইউনিভার্সিটি

জ/উ






Advertisement
Loading...
Loading...
ফিচার - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]