আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র দাখিল করবেন। একই দিন বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষেও মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তপশিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হবে।
১১ দলীয় জোটের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, জোটের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী হচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)। তাঁর পক্ষে আজ বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
অন্যদিকে, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী আজ দলের স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর তাঁর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ইসির তপশিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরা ভোটার হিসেবে ভোট দেবেন।
জ/উ