জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-08-11T14:05:00+06:00
2026-08-11T14:05:00+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
অন্যান্য
গাজী নজরুলের বিষয়ে ইসিকে চিঠি দেবে সংসদ সচিবালয়
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:০৫ পিএম 
ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদ সচিবালয়। শিগগিরই এ চিঠি পাঠানো হবে বলে জানা গেছে।

জানা যায়, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জামায়াতে ইসলামী। এর পরিপ্রেক্ষিতেই সংসদ সচিবালয় থেকে ইসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে। এরপর ইসি সাতক্ষীরা-৪ আসন শূন্য ঘোষণা করলে সংসদের পরবর্তী অধিবেশনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি সংসদ সদস্যদের অবহিত করবেন।

সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জামায়াতের পক্ষ থেকে স্পিকারকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। এখন সংসদ সচিবালয়ের দায়িত্ব হলো আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া। ইসি তাদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে সংসদ সচিবালয়কে জানাবে এবং পরে অধিবেশনে স্পিকার সংসদ সদস্যদের বিষয়টি অবহিত করবেন।

এর আগে গত ২৩ জুলাই গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেয় জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ওই চিঠি দেন।

ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। এ ঘটনায় তার সংসদ সদস্য পদ থাকবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।

তবে গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান সরাসরি প্রযোজ্য নয় বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তার ভাষ্য, গাজী নজরুল দল থেকে পদত্যাগ করেননি এবং সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধেও ভোট দেননি। অন্যদিকে, নৈতিক স্খলনের অভিযোগে তাকে বহিষ্কার করা হলেও এ বিষয়ে কোনো আদালতের রায় বা কারাদণ্ড হয়নি।

সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নৈতিক স্খলনের কারণে দুই বছরের বেশি সময়ের কারাদণ্ডে দণ্ডিত হলে তার সংসদ সদস্য পদ বাতিল হতে পারে। সাজা শেষ হওয়ার পর পাঁচ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যও থাকেন না। তবে গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে এখন পর্যন্ত এমন কোনো আদালতের রায় বা কারাদণ্ড হয়নি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরুতে জামায়াতের কয়েকজন নেতাকর্মী সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি বলে দাবি করেছিলেন। পরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। তিনি জানান, প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ জুন পারিবারিকভাবে মরিয়মকে বিয়ে করেছেন।

জামায়াতে ইসলামী স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠিতে জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পর গাজী নজরুল ইসলামের বিষয়ে সাংগঠনিক তদন্ত করা হয়। তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, গত ২২ জুলাই বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়।

৭৪ বছর বয়সী গাজী নজরুল ইসলাম এবার সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৯১ সালে প্রথমবার একই আসন থেকে সংসদ সদস্য হন তিনি। তিনি জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ছিলেন।

জ/উ






Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]