বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিনতার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন নাকচ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেট লি। তিনি বলেছেন, প্রীতির সঙ্গে তার সম্পর্ক সবসময়ই বন্ধুত্বের ছিল।
সম্প্রতি বম্বে টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, ‘আমি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি জিনতা তখন যেমন আমার ভালো বন্ধু ছিলেন, এখনও তেমনই আছেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী, তাকে আমি অনেক শ্রদ্ধা করি।’
গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের আলোচনা আমাকে কখনো বিরক্ত করেনি। কারণ, আমি সত্যটা জানতাম। মানুষ নানা ধরনের জল্পনা করতেই পারে, কিন্তু আমি সেগুলোকে গুরুত্ব দিইনি।’
২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন ব্রেট লি। ওই সময় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। পরে ২০১০ সালে প্রীতি জিনতাও সামাজিক মাধ্যমে বিষয়টি অস্বীকার করে লিখেছিলেন, ‘এখানে কোনো প্রেমের গল্প নেই, আমরা শুধু বন্ধু।’
ব্যক্তিগত জীবনে ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন। তাদের একটি ছেলে রয়েছে। ২০০৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন তিনি। বর্তমানে এই দম্পতির দুটি সন্তান রয়েছে।
অন্যদিকে, প্রীতি জিনতা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জিন গুডেনাফকে বিয়ে করেন। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে তারা যমজ সন্তানের বাবা-মা হন।
জ/উ