নিষেধাজ্ঞা ও যুদ্ধের ধাক্কায় বিপর্যস্ত ইরানের জ্বালানি খাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-25T19:38:44+06:00
2026-11-25T19:38:44+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
নিষেধাজ্ঞা ও যুদ্ধের ধাক্কায় বিপর্যস্ত ইরানের জ্বালানি খাত
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৭:৩৮ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
মার্কিন নিষেধাজ্ঞা, নৌ অবরোধ এবং জ্বালানি অবকাঠামোয় হামলার চাপে গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। এর প্রভাব দেখা দিয়েছে দেশটির বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে। পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকে প্রতিদিন প্রায় দুই ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শীত মৌসুম সামনে রেখে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাগরিকদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। সাক্ষাৎকার চলাকালে তাঁর কার্যালয়ের বাতি বন্ধ রাখা হয় এবং দিনের আলো ব্যবহারের জন্য পর্দা সরিয়ে রাখা হয়।

বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রগুলোর একটির একটি অংশ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। দেশটির প্রমাণিত তেলের মজুতও বিশ্বের তৃতীয় বৃহত্তম। তা সত্ত্বেও জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতি, বিনিয়োগের অভাব ও ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে বিদ্যুৎ ও গ্যাসের সংকট প্রকট হয়ে উঠেছে।

সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, আসন্ন শীতে দেশটির দৈনিক গ্যাসের ঘাটতি ৪৩০ মিলিয়ন ঘনমিটারে পৌঁছাতে পারে। আগে এই ঘাটতি ছিল প্রায় ৩০০ মিলিয়ন ঘনমিটার। সংঘাতের প্রথম পর্যায়ে চারটি গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় দৈনিক উৎপাদন সক্ষমতা ২৩০ মিলিয়ন ঘনমিটার কমে যায়। এর মধ্যে প্রায় ১০০ মিলিয়ন ঘনমিটার উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে।

ইরানের মোট বিদ্যুতের প্রায় ৮৬ শতাংশ উৎপাদিত হয় প্রাকৃতিক গ্যাস থেকে। যুদ্ধের হামলায় দেশটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৪ হাজার ২০০ মেগাওয়াট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী আব্বাস আলীআবাদি। বিদ্যুৎ সংকটের কারণে শিল্প উৎপাদন কমে যাওয়ায় প্রায় ছয় লাখ মানুষের কর্মসংস্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির অর্থনীতিতেও চাপ বাড়ছে। ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর-অক্টোবর সময়ে বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে। একই সময়ে খাদ্য, পানীয় ও তামাকপণ্যের দাম এক বছরে বেড়েছে ১১৩ দশমিক ৪ শতাংশ।

জার্মানির ফিলিপস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ মোহাম্মদ রেজা ফারজানেগানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ইরানের প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ৭ শতাংশ সংকুচিত হতে পারে। তাঁর মতে, নিষেধাজ্ঞার পাশাপাশি বাণিজ্য অবরোধ, যুদ্ধের ক্ষয়ক্ষতি ও অনিশ্চয়তা দেশটির অর্থনৈতিক পতনকে আরও ত্বরান্বিত করছে।

বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা শিথিল, আন্তর্জাতিক বিনিয়োগ ও অর্থায়নের সুযোগ তৈরি এবং জ্বালানি ব্যবস্থাপনায় সংস্কার ছাড়া ইরানের দীর্ঘমেয়াদি সংকট কাটানো কঠিন। তাঁদের ধারণা, বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান সাময়িক স্বস্তি দিতে পারে। তবে উৎপাদন সক্ষমতা ও অবকাঠামোর ঘাটতি পূরণে প্রয়োজন বড় ধরনের বিনিয়োগ। সূত্র: আল-জাজিরা

জ/দি



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত