দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন। এ ছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ৫৪ জন। শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৬ হাজার ৬০৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এ সময়ে সন্দেহজনক হাম রোগে ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ পর্যন্ত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।
জ/দি