শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকারত্ব তৈরির কারখানা হতে দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-11-22T15:42:20+06:00
2026-11-22T15:42:20+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকারত্ব তৈরির কারখানা হতে দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৪২ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে।

আজ রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের জন্য শিল্পপ্রতিষ্ঠানে পাঠানোর আগে শিক্ষকদের সেখানে গিয়ে গবেষণা করা উচিত। সেই গবেষণার ভিত্তিতে পাঠ্যক্রম ও সিলেবাস সাজাতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলে শিল্পপ্রতিষ্ঠানগুলো কী সুবিধা পাবে, তা নিশ্চিত করতে হবে। শুধু শিল্পপ্রতিষ্ঠান থেকে সুবিধা নেওয়ার চিন্তা না করে তাদের জন্যও কার্যকর সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞান বাণিজ্যিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে যৌথ গবেষণা ও উদ্ভাবনের সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকে তাদের সুনির্দিষ্ট চাহিদা ও প্রত্যাশা তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

বাজেট ও বরাদ্দ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা গবেষণার জন্য বাজেটের অভাব নেই। বরং বরাদ্দ করা অর্থ যথাযথভাবে ব্যয় করতে না পারাই বড় সমস্যা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে অর্থ ব্যয়ের তাগিদ দেন।

তিনি আরও বলেন, শ্রমবাজারের চাহিদা বিবেচনা না করে অপ্রয়োজনীয় নতুন বিভাগ খোলা উচিত নয়। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরে শিক্ষক ও জনবল সংকটের বিষয়টি তুলে ধরে দ্রুত জনবল কাঠামো নির্ধারণের আহ্বান জানান তিনি।

সেশনজট ও প্রশাসনিক দীর্ঘসূত্রতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং সেশনজটের কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এ ধরনের দীর্ঘসূত্রতা মেনে নেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আদালতের স্থগিতাদেশের প্রসঙ্গ তুলে ধরে সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মধ্যে ফাইল চালাচালি এবং সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতার সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ বৈঠক বা আলোচনার পরিবর্তে সংক্ষিপ্ত ও বাস্তবসম্মত প্রস্তাব দিতে হবে। কী কাজ করা হবে, কত অর্থ প্রয়োজন এবং কীভাবে তা বাস্তবায়ন করা হবে—এসব বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা থাকতে হবে।

সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

এ সময় দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত