মালয়েশিয়া থেকে ৬ হাজার ৮০০ মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-24T16:42:12+06:00
2026-11-24T16:42:12+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
মালয়েশিয়া থেকে ৬ হাজার ৮০০ মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৪:৪২ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
মালয়েশিয়া থেকে ৬ হাজার ৮০০ জনের বেশি মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ফেরত পাঠানোর তালিকায় রয়েছেন বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থী। আগামী ৬ ও ৭ ডিসেম্বর নৌযানে এবং পুরো ডিসেম্বর মাসজুড়ে উড়োজাহাজে তাঁদের মিয়ানমারে পাঠানো হবে।

মঙ্গলবার মালয়েশিয়ার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম জানান, ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে তিনটি নৌযানে করে দেশে ফেরত পাঠানো হবে। এ ছাড়া ডিসেম্বর মাসে আরও ৫ হাজার ৩০৩ জনকে উড়োজাহাজে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই প্রত্যাবাসনের ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।

এর আগে গত সপ্তাহে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এক রায়ে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গণহত্যার বিষয়টি উঠে আসে। আদালত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০ জন। তাঁদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক।

মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া অনেকেই মিয়ানমার সরকারের নৃশংসতার শিকার বলে স্বীকার করেছেন আনোয়ার ইব্রাহিম। তবে বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ার কারণে দেশটি আর্থিক ও নিরাপত্তাগত চাপের মুখে পড়েছে বলে জানান তিনি। শরণার্থীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের উদ্যোগও সফল হয়নি বলে উল্লেখ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

এর আগে গত সেপ্টেম্বরেও প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছিল মালয়েশিয়া। তবে ওই প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠনগুলো। সম্প্রতি ফেরত পাঠানো কয়েক শ মানুষকে মিয়ানমারের সামরিক বাহিনী আটক রেখেছে-এমন খবরের ব্যাখ্যাও চেয়েছে কুয়ালালামপুর।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের প্রায় ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। জাতিগত নিপীড়নের শিকার এই মুসলিম জনগোষ্ঠীকে বিশ্বের অন্যতম নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: আল-জাজিরা।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত