নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার হামলাকারীদের কবল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে তাঁর শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, একজন এএসআই ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাঁদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে এক কনস্টেবল নিহত হন।
তিনি আরও জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।
জ/দি