দেশের ওটিটি ইতিহাসের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে প্রথমবার পর্দায় আসে চরিত্রটি। পরে অ্যালেন স্বপনকে কেন্দ্র করে নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সেটিও দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। চরিত্রটিতে অভিনয় করে দর্শকের ভালোবাসা পান নাসির উদ্দিন খান।
গত বছর চরকিতে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজন। এবার সেই ধারাবাহিকতায় আসছে সিরিজটির তৃতীয় অধ্যায়। এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। আগের মতো এবারও নাম ভূমিকায় অভিনয় করছেন নাসির উদ্দিন খান।
আগের দুই সিজনে অ্যালেন স্বপনের সঙ্গে শায়লা চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে তৃতীয় সিজনে থাকছেন না তিনি। তার পরিবর্তে সিরিজটিতে যুক্ত হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
এ বিষয়ে নির্মাতা শিহাব শাহীনকে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে। সেখান থেকেই জানানো হবে।’ পরে চরকির সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে থাকছেন প্রভা।
মিথিলার পরিবর্তে প্রভাকে নেওয়ার কারণ হিসেবে জানা গেছে, বর্তমানে মিথিলা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতাও শুরু করেছেন। এসব ব্যস্ততার কারণে দেশে এসে সিরিজটির শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার।
এদিকে মিথিলার জায়গায় প্রভাকে বেছে নিয়েছেন নির্মাতা। চলতি মাসের শেষ দিকে তার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সিরিজটির শুটিং শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে।
নাসির উদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও সিরিজটিতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ। আগামী ঈদুল ফিতরে চরকিতে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।