পলাতক আসামির পক্ষে এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, দণ্ডপ্রাপ্ত ও ফেরারি জীবনযাপন করা একজন ব্যক্তির হয়ে বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্রাফট চাওয়ার দাবি হাস্যকর এবং তা গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার চিফ প্রসিকিউশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পলাতক। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ফেরারি অবস্থায় থেকে বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্রাফট চাচ্ছেন, আর তাঁর একজন মুখপাত্র সেটি বিবৃতি আকারে প্রচার করছেন। বিষয়টিকে হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, যিনি মুখপাত্র হিসেবে এ দাবি জানিয়েছেন, তাঁর এই বক্তব্য উন্মাদনা ছাড়া কিছু নয়।
চিফ প্রসিকিউটর আরও বলেন, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও এয়ারক্রাফট চাওয়ার ঘটনা বিশ্বে বিরল। তাই এ ধরনের দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই প্রথম দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন তিনি। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়। কারণ, দেশে তাঁর দল নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথির জন্য আবেদন করার পর থেকে দেশে সহিংসতার মাত্রাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্যোগের পাশাপাশি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মুখে দিল্লিতে যাওয়ার কয়েক মাস পর বাতিল হওয়া নথিপত্র পুনরায় পাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। একই সঙ্গে তাঁকে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফেরানোর ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু বাংলাদেশের একটি বিমানে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই এখন তিনি সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তাঁর আকাশপথে যাতায়াতের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাঁকে নির্বাসিত করা হয়। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।’
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক বিষয় নয়। বাংলাদেশে ফিরতে হলে তাঁকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই আসতে হবে।
জ/দি